1.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 2 March 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে তাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। দুটো দলই ইতিমধ্যে সেমিফাইনালের আসন পাকা করে ফেলেছে। সেকারণে এই দুটো দল এই ম্যাচে নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরখ করে দেখতে চাইবে। পাশাপাশি যে দল এই ম্যাচে জয়লাভ করবে, তারা লিগ টেবিলেও শীর্ষস্থান দখল করবে। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৫ বছর পর ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। টিম ইন্ডিয়া ২৫ বছরের পুরনো হিসেব এই ম্যাচে মিটিয়ে ফেলতে চায়।
প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের রেকর্ড যথেষ্ট ভাল। ২০০০ সালে একটাই ম্যাচ এই দুটো দলের মধ্য়ে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটি নাইরোবিতে আয়োজন করা হয়। সেখানে নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়লাভ করেছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এমন একটি টুর্নামেন্ট যেখানে ভারতীয় ক্রিকেট দল ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করেছে। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা ওই একটা ম্যাচে হেরে গিয়েছিল। আশা করা যায়, রবিবার সেই হারের প্রতিশোধ রোহিত শর্মার দল নিতে পারবে।
রবিবাসরীয় ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে টস হেরে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে হচ্ছে। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একটি পরিবর্তন করা হয়েছে। হর্ষিত রানার পরিবর্তে বরুণ চক্রবর্তীকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। আশঙ্কা করা হয়েছিল, মহম্মদ সামি হয়ত চোটের কারণে এই ম্যাচটা খেলতে পারবেন না। কিন্তু, তিনি শেষপর্যন্ত এই ম্যাচে খেলছেন।
টস হারলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বললেন, 'ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে প্রথমে ব্যাট করতে চেয়েছিল।' এই ম্যাচ শুরু হওয়ার আগে রোহিত শর্মা একটি বড় কথা বললেন। তিনি জানালেন, যে কোনও পরিস্থিতিতে তিনি ভারতের প্রথম একাদশ প্রস্তুত করতে চান। গত ২ ম্যাচে ভারত রান তাড়া করে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েছিল। কিন্তু, এই ম্যাচে রান ডিফেন্ড করতে ভারতীয় বোলারদের যে অগ্নিপরীক্ষার মুখে পড়তে হবে, তা বলা যেতেই পারে।
তবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একটা বড় চমক রয়েছে। তিনি বরুণ চক্রবর্তী। গত ২ ম্যাচে হর্ষিত চারটে উইকেট শিকার করলেও, এই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে সেভাবে ঘাস নেই বললেই চলে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে বরুণ কেমন বল করেন, সেদিকে সকলে তাকিয়ে থাকবেন। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে বরুণ যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। সেকারণেই গম্ভীর তাঁর উপর আস্থা রেখেছেন। সেই ভরসার দাম বরুণ দিতে পারবেন কি না, সেটাই দেখার।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।