
শেষ আপডেট: 14 January 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: কাতারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে এএফসি এশিয়ান কাপের অভিযান শুরু করেছে ভারত। দোহাতে দু'গোল হজম করতে হয়েছে সুনীল ছেত্রীদের এটা যেমন সত্যি, তেমনই মাঠে তাঁদের লড়াই মন ছুঁয়েছে ফুটবলপ্রেমীদের। ভারতের বিদেশি কোচ ইগর স্টিম্যাশ অবশ্য মনে করেন, নিজেদের ভুলেই হারতে হয়েছে। এই হারে সুনীলদের লড়াই মূল্যহীন হয়ে পড়ল!
অস্ট্রেলিয়া যে কঠিন প্রতিপক্ষ, তা জানতেন স্টিম্যাশ। সেভাবেই ছেলেদের তৈরি করছিলেন। ম্যাচের প্রথমার্ধে সুনীলরা যে খেলাটা উপহার দিল, তা এক কথায় অনবদ্য। অস্ট্রেলিয়ার তাবড় তাবড় ফুটবলারদের রক্ষণের জালে আটকে দিয়েছিল ভারত। কিন্তু শেষরক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া হয়ে যায় সেই জমাট বাঁধা রক্ষণ। সেই ভুলেই ৫০ মিনিটের মাথায় প্রথম গোল খায় ভারত। ৭২ মিনিটে দ্বিতীয় গোল।
যদিও শেষ পর্যন্ত সেই ব্যবধান আর বাড়তে দেয়নি ভারতীয় রক্ষণ। সুনীলদের এই খেলা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখা মুখের কথা নয়। সেই কাজ অবলীলায় করেছেন সুনীলরা। প্রথমার্ধে গোলও পেয়ে যেতে পারত ভারত।
ম্যাচ শেষে ভারতের বিদেশি কোচের গলায় তাই উচ্ছ্বাস দেখা গেল। সুনীলদের খেলার প্রশংসা করলেও স্টিম্যাশ মনে করেন, নিজেদের ভুলেই গোল খেতে হয়েছে। না হলে ১ পয়েন্ট নিয়ে ভারত মাঠ ছাড়তে পারত । ভারতীয় কোচের কথায়, 'আমাদের ভুলের জন্যই দু'টো গোল হয়েছে। দু'ক্ষেত্রেই রক্ষণে তৎপরতা আরও বেশি থাকা উচিত ছিল। অস্ট্রেলিয়া যে গোল করেছে, তা আমাদের ভুলের কারণেই হয়েছে।'
এরপরই তিনি বলেন, 'এই ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। প্রথমার্ধে যেভাবে খেলেছিলাম আমরা, দ্বিতীয়ার্ধে সেটা পারিনি। ওই অর্ধে বল আমরা আমাদের সাইড থেকে বের করতেই পারিনি। বারবার কর্নার পাচ্ছিল অস্ট্রেলিয়া। যা আমাদের ওপর চাপ বাড়াচ্ছিল।' তবে এই হারের থেকে শিক্ষা নিয়ে গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ খেলবে ভারত, এমন জানালেন স্টিম্যাশ।