
শেষ আপডেট: 29 December 2023 20:13
দ্য ওয়াল ব্যুরো: শেষ ভাল হতো যদি ইস্টবেঙ্গলের মহিলা দল কন্যাশ্রী কাপ জিততে পারত। কিন্তু তীরে এসে তরী ডোবা বলতে যা বোঝায়, সেটাই হয়েছে লাল হলুদ ফুটবলারদের। সারা টুর্নামেন্টে ভুরি ভুরি গোল করেও আসল ম্যাচে গিয়ে হার ইস্টবেঙ্গল মহিলা দলের।
কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপে পয়েন্টের বিচারে শীর্ষে শেষ করল শ্রীভূমি ফুটবল ক্লাব। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে তারা ২ - ১ গোলে হারায় গত বছরের চ্যাম্পিয়ন ইমামি ইস্টবেঙ্গল এফসি কে। ৬৫ মিনিট ১০ জনে খেলেও জয় হাসিল করে সুজাতা করের কোচিংয়ে থাকা দল শ্রীভূমি।
প্রথমার্ধেই রিম্পা হালদার ও মৌসুমী মুর্মুর গোলে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় শ্রীভূমি। এর পরেই শ্রীভূমির মৌসুমী মুর্মু লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে খেলতে হয় তাদের।
বিরতির পরে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় ইমামি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মমতা মাহাতো ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান। কিন্তু শ্রীভূমির গোলরক্ষক অদ্রিজা সরখেলের প্রতিরোধের কাছে হার মানে ইস্টবেঙ্গলের সমতায় ফেরার যাবতীয় প্রয়াস। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীভূমির রিম্পা।
এদিন মাঠে হাজির ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপক দফতরের মন্ত্রী সুজিত বসু। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ। এদিন পরাজয়ের ফলে কন্যাশ্রী কাপে পয়েন্টের বিচারে রানার্স লাল হলুদ দল।
ইস্টবেঙ্গল সাত ম্যাচে ছ’টি ম্যাচ জিতে রানার্স হয়েছে। মোট গোল করেছে ৪১টি। লাল হলুদের সুলঞ্জনা রাউল ১৫টি গোল করেন।