
শেষ আপডেট: 14 January 2024 23:15
দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। তারা হায়দরাবাদের শ্রীনিধি ডেকানকে হারিয়েছে ২-১ গোলে। লাল হলুদের পক্ষে দুটি গোল করেছেন হিজাজি মাহের ও সিভেরিও। বিপক্ষ দলের হয়ে খেলার শেষদিকে ব্যবধান কমিয়েছেন উইলিয়াম।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে ইস্টবেঙ্গল। যে কারণে ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় কার্লোস কুয়াদ্রাতের দল। হিজাজি মাহের গোল করেন। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান বিদেশি তারকা সিভেরিও। তবে বিরতির পরে ক্লেটনদের খেলায় সেই ঝাঁঝ দেখা যায়নি।
গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিল লাল হলুদ দল। তাদের এগিয়ে গিয়ে গোল হজমের একটা রোগ রয়েছে। আজও সেটি দেখা গিয়েছে। বিরতির আগে পর্যন্ত যা খেলা খেলেছে, সেটি উধাও দ্বিতীয়ার্ধে। সেইসময় বিপক্ষকে বেশি আক্রমণে সুযোগ করে দিয়েছে সিলভারা। ফলে শেষ মুহূর্তে গোলও খেতে হয়েছে পেনাল্টির মাধ্যমে।
ইস্টবেঙ্গলের পক্ষে গোলের খাতা খুলেছেন হিজাজি মাহের। সেটপিস থেকে দুরন্ত গোল করেন তিনি। তবে এই গোলের কৃতিত্ব নিশু কুমারেরও। কারণ নিশু ফ্রিকিক থেকে মাপা শটে বল বাড়িয়েছিলেন হিজাজিকে। হিজাজি হেডে জালে জড়িয়ে দিয়েছেন। হেডেও এত জোর ছিল যে, বিপক্ষ গোলরক্ষক কিছু করে উঠতে পারেননি।
৩১ মিনিটে সিভেরিও দুরন্ত গোল করে নিজের নামের সুবিচার করেছেন। হিজাজি লম্বা বল বাড়ান ক্লেটনকে লক্ষ্য করে, কিন্তু ক্লেটন বল নিয়ে এগনোর আগেই পড়ে গিয়েছিলেন। তবে সিভেরিও সেই বল ধরে গোলমুখী শট নেন। বাঁ-পায়ে নেওয়া তাঁর ভলি ডেকানের এক ফুটবলারের পায়ে লেগে গোলে জড়িয়ে গিয়েছে।
বিরতির আগে লাল হলুদের খেলায় সৃজণশীলতা দেখা গিয়েছে। বিরতির পরে দলে বদল এনেও সেই ছন্দ দেখা যায়নি কার্লোসের দলের খেলায়। এটাই চিন্তার কারণ হয়ে থাকল লাল হলুদের হেডস্যারের কাছে। ১৯ জানুয়ারি ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল গোল হজমের রোগ না সারাতে পারলে সমস্যায় পড়বে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ওই ম্যাচটি সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে চলেছে।
ইস্টবেঙ্গল একাদশ: প্রভসুখন (গোলকিপার), রাকিপ, পার্দো, হিজাজি, নিশু, সাউল ক্রেসপো, অজয়, বোরহা, নন্দকুমার, ক্লেটন (অধিনায়ক), সিভেরিয়ো।
শ্রীনিধি ডেকান একাদশ: আরিয়ান লাম্বা, ইব্রাহিম সিসকো, পবন কুমার, কেন লুইস, ফয়সল শায়েস্তে, ডেভিড কাস্তানেদা, সাজিদ, মায়াকান্নান, সাবিয়া, অভিষেক আম্বেকর, রিলওয়ান হাসান।