
শেষ আপডেট: 5 November 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের নন্দনকানন আজ 'হাউজফুল'! ক্রিকেট ভক্তদের উল্লাসের ছবি কলকাতার বিভিন্ন জায়গায়। শহরের প্রাণকেন্দ্র মেতেছে ক্রিকেটের আনন্দে। ইডেনের বাইরে নানা রঙ। 'সিটি অফ জয়'-এ বিশ্বকাপের ম্যাচ খেলতে নামল ভারত। ইডেনে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।
ফাইনাল হবে আমদাবাদের মোদী স্টেডিয়ামে। ভারত ফাইনাল খেলবে কিনা তা বোঝা যাবে সেমিফাইনালের পরেই। কিন্তু রবিবার কলকাতা পুরো ফাইনালের মেজাজে। সেই হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় ক্রিকেট তারকাদের দিকে তাকিয়ে দর্শকরা। রোহিত শর্মার খুবই পয়া মাঠ ইডেন। এখানেই তিনি ওয়ান ডে-তে ডবল সেঞ্চুরি করেছেন। এছাড়াও মহম্মদ শামির ঘরের মাঠ। এখন শামি স্বপ্নের ফর্মে আছেন। তাই ঘরের মাঠে তিনি বল হাতে কী জাদু দেখান সেটাই দেখার।
ইডেনে টস জিতে ব্যাট করবে ভারত। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচের পুনরাবৃত্তি ইডেনে চাইছেন রোহিত। তাই প্রত্যাশা মতোই দলে কোনও পরিবর্তন হল না ভারতে। রোহিত শর্মা জানিয়ে দিলেন, এখনই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না তিনি!
ইডেনে জিতে জয়ের ধারা বজায় রাখতে পারবে কিনা ভারত, সেটা দেখতেই মুখিয়ে আছে গোটা দেশ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। তবে এই ম্যাচ বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকতে চলেছে সেটা একবাক্যে স্বীকার করছেন সকলেই।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিঃ), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।