
শেষ আপডেট: 14 May 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজেরও তা হলে ভুল হয়! তিনিও হাতের ফাঁক দিয়ে গোল খান। সেটাই হয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।
এই থ্রিলার ম্যাচে লিভারপুলের খাতায় প্রথম গোল জমা হয়েছে আত্মঘাতী গোলের মাধ্যমে। সেই গোলটির জন্য ভিলার গোলরক্ষক এমিই দায়ী। তাঁর হাত গলে বল জালে চলে গিয়েছে।
লিভারপুলের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল অ্যাস্টন ভিলা। সমর্থকরা হারের জন্য অপেক্ষা করছিলেন। সেইসময়ই খেলার রং বদল হয়ে গিয়েছে।
শেষ মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে অ্যাস্টন ভিলা। দুটি গোলই করেন জন ডুরান। এতে ৬ গোলের থ্রিলার ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে।
ম্যাচটি শুরু হয় প্রবল নাটকীয়তার মধ্যে। খেলার দুই মিনিটের মধ্যে এমির গ্লাভসের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে গিয়েছে। লিভারপুলের তারকা হার্ভে এলিয়টের একটি ক্রস শট ঠেকাতে গিয়ে ব্যর্থ হন মার্টিনেজ। শুরুতেই লিভারপুল পিছিয়ে গিয়েছে ০-১ গোলে।
তবে লিভারপুলের এই গোল শোধ করতে বেশি দেরি করেনি ভিলা। ১২ মিনিটে ইউরি টাইলেম্যানস দলের হয়ে সমতা ফেরান। চোটের কারণে তিন ম্যাচ দলের বাইরে ছিলেন তিনি। ফিরে এসেই গোল পেলেন বেলজিয়াম তারকা।
ম্যাচের ২৩ মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। গোল করে অলরেডদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন কোডি গাকপো। অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন তিনি। ভিএআর পরীক্ষা করলেও ভিলার আবেদনে কাজ হয়নি।
লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন জারেল কুয়ানসাহ। ৪৮ মিনিটে গোল করে লিভারপুলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ফ্রিকিক থেকে উড়ে আসা বলে দারুণ হেড করে ভিলার জাল কাঁপান তিনি। প্রিমিয়ার লিগে ৪৮ ম্যাচে এই প্রথম গোল পেলেন এই ডিফেন্ডার।
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভিলা। ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-২ করেন ভিলার ডুরান। এর ৩ মিনিট পর আবারও গোল করেন তিনি। হারা ম্যাচ ড্র করে ভিলা, তাদের হয়ে নায়ক ডুরান।
৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে অ্যাস্টন ভিলা।