বিমানে চড়ার আগে যদি আপনি সিট নম্বরের দিকে দেখেন, তাহলে হয়তো খেয়াল করেছেন - ১২ নম্বরের পর সোজা ১৪ নম্বর!

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 July 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: বিমানে চড়ার আগে যদি আপনি সিট নম্বরের দিকে দেখেন, তাহলে হয়তো খেয়াল করেছেন - ১২ নম্বরের পর সোজা ১৪ নম্বর! মনে হয়তো প্রশ্ন এসেছে, ১৩ কোথায় গেল? এটা কিন্তু কোনও ভুল নয়, বরং একেবারেই ইচ্ছাকৃত।
বিশ্বের বহু এয়ারলাইন্স ইচ্ছাকৃতভাবে ১৩ নম্বর সারি বাদ দেয়। ১২-এর পর সোজা চলে যায় ১৪-তে। শুধু প্রযুক্তিগত নয়, এর পেছনে রয়েছে বহু শতাব্দীর পুরনো কুসংস্কার বা সংস্কার এবং অবশ্যই ব্যবসায়িক কৌশল।
১৩ নম্বর নিয়ে এত বাছবিচার কেন?
পশ্চিমী সংস্কৃতিতে ১৩ সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়। অনেকের মতে, বিমানে ওঠার আগেই যাত্রীদের মনে যাত্রা সংক্রান্ত দুশ্চিন্তা ও ভয় কাজ করে। তার সঙ্গে যদি ‘অশুভ’ ১৩ নম্বর সারিতে সিট পাওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রেই যাত্রীদের অস্বস্তি আরও বাড়ে। তাই কিছুটা মানসিক স্বস্তির কথা ভেবেই অনেক এয়ারলাইন্স ১৩ নম্বর সারি রাখে না।
এই ভয় বা কুসংস্কারের এক প্রাতিষ্ঠানিক নাম রয়েছে - Triskaidekaphobia (তেরো সংখ্যা-ভীতি)।
বিশ্বের জনপ্রিয় এয়ারলাইন্স যেমন এমিরেটস (Emirates), রায়ানএয়ার (Ryanair), ক্যাথে প্যাসিফিক (Cathay Pacific), সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines) এই সংস্কার মেনেই ১৩ নম্বর সারি এড়িয়ে চলে।
কোথা থেকে এল এই ‘অশুভ ১৩’-এর ধারণা?
এই ধারণার উৎস কয়েকটি ধর্মীয় ও পৌরাণিক ঘটনার মধ্যে লুকিয়ে রয়েছে-
খ্রিস্টধর্মে বিশ্বাস, যীশুর শেষ ভোজে ১৩ জন বসেছিলেন। যাঁদের মধ্যে ১৩তম ব্যক্তি ছিলেন জুডাস, যিনি যীশুর বিশ্বাসঘাতকতা করেছিলেন।
আবার, নর্স (Norse) পুরাণে এক গল্পে বলা হয়, ১২ জন দেবতার একটি নৈশভোজে ১৩তম অনাহূত অতিথি ছিলেন লোকি, যিনি অন্য এক দেবতা হুরকে দিয়ে বলদ্র নামে সকলের প্রিয় এক দেবতাকে হত্যা করিয়ে দেন।
এই ঘটনাগুলি মানুষের মনে গভীর ছাপ ফেলেছে, আর তারই প্রভাব পড়েছে বিমান সংস্থার আসন বিন্যাসেও।
শুধু কুসংস্কার বা সংস্কারের বশে এখানেই কিন্তু কারণের শেষ নয়। ১৩ নম্বর সারি বাদ দেওয়াকে শুধুই কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যাবে না। এয়ারলাইন্স ব্যবসা করে যাত্রীদের সন্তুষ্টি বজায় রেখে।
এটাও ভেবে দেখার যে, যদি যাত্রীদের একটুও অস্বস্তি হয় ১৩ নম্বর সারিতে বসতে, তাঁরা হয়তো আসন বদলাতে চাইবেন, বা সেরকম ভীতি কাজ করলে অন্য ফ্লাইট বেছে নেবেন - এমনকী এয়ারলাইন্সই বদলে ফেলতে পারেন।
এই সম্ভাব্য সমস্যা এড়াতেই ১৩ নম্বর সারি সরিয়ে দেয় অনেক বিমান সংস্থা। ফলে যাত্রী সন্তুষ্টি যেমন বাড়ে, তেমনই পরিষেবার মান নিয়েও অভিযোগ কমে।
অন্যদিকে, জার্মানির লুফথানসা (Lufthansa) এয়ারলাইন্স যেমন ১৩ নয়, বরং ১৭ নম্বর সারি বাদ দেয়। আবার, চিন এবং কিছু এশীয় সংস্কৃতিতে ৪ নম্বরকে অশুভ মনে করা হয়, কারণ চাইনিজ ভাষায় ৪ ("সু" বা "si") শব্দটির উচ্চারণ মৃত্যু শব্দের সঙ্গে প্রায় অভিন্ন। তাই চিনের অনেক বাড়িতেও ৪ নম্বর তলা থাকে না, বিমানে তো দূরের কথা!