স্ট্রিট ফুডের দোকানে কড়াই ভর্তি ফুটন্ত তেল। আর সেই তেলে ভাজা হচ্ছে... হাওয়াই চটি! শুনতে অবাক লাগলেও, এমনই এক ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

হাওয়াই চটি ভাজা
শেষ আপডেট: 9 July 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: স্ট্রিট ফুডের দোকানে কড়াই ভর্তি ফুটন্ত তেল। আর সেই তেলে ভাজা হচ্ছে... হাওয়াই চটি! শুনতে অবাক লাগলেও, এমনই এক ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, এক তরুণী কড়াইতে বেসনে ডুবিয়ে হাওয়াই চটির মতো দেখতে কিছু ভাজছেন। পাশে রাখা ট্রেতে সাজানো ভাজা হাওয়াই চটি। দোকানে ভিড় লেগেই আছে। কেউ বলছেন, “তিনটে দিন”, কেউ আবার প্যাক করিয়ে নিচ্ছেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য।
নেটিজ়েনদের একাংশের দাবি, ভিডিওটি চিনের কোনও স্ট্রিট ফুড স্টলের। তবে ভিডিওর উৎস ও দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়। তবে প্রশ্ন উঠছে—সত্যিই কি হাওয়াই চটি ভাজা হচ্ছে? অনেকেই বলছেন, এটা নিছকই গিমিক—আসলে চপ বা পকোড়ার মতো খাবারকে চটির আকৃতিতে বানানো হয়েছে। তবে কেউ কেউ এটিকে একেবারে আসল হাওয়াই চটিই মনে করছেন।
এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। ভিডিওতে যদিও কাউকে এই "ভাজা চটি" খেতে দেখা যায়নি। অনেকে দাঁড়িয়ে তা দেখছেন, কেউ কেউ প্যাক করিয়ে নিচ্ছেন। কিন্তু সে খাবার আদৌ খাওয়া হয় কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
ভাইরাল এই ভিডিও ঘিরে যেমন বিস্ময়, তেমনই নেটদুনিয়ায় মজার মজার মন্তব্যও ছড়িয়ে পড়েছে। কেউ লিখছেন, “চটি ভাজা খাওয়ার জন্য জীবন কোথায় নিয়ে এল!” কেউ বলছেন, “চটি-ফ্রাই এখন নতুন স্ট্রিট ফুড ট্রেন্ড!” যাই হোক, সত্যিই যদি হাওয়াই চটি ভাজা হয়, তবে সেটা খাওয়ার সাহস কে দেখায়, সেটাই এখন দেখার!