
নবীন পট্টনায়েক ও বিকে পান্ডিয়ান
শেষ আপডেট: 6 June 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: ওডিশায় নবীন পট্টনায়েকের সরকার ক্ষমতাচ্যুত হতেই গা ঢাকা দিয়েছেন বিকে পান্ডিয়ান।
বুধবার বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। টানা ২৪ বছর ক্ষমতায় থাকা নবীনের দল বিজেডি এবার হেরে গিয়েছে। ১০ জুন শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। লোকসভাতেও ভরাডুবি হয়েছে বিজেডির।
রাজভবনে নবীনের পদত্যাগ পত্র পেশের সময় ছায়া সঙ্গী পান্ডিয়ান পাশে ছিলেন না। বুধবার নবীন দু'বার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানেও ছিলেন না পান্ডিয়ান।
২৪ বছর পর ওডিশায় বিজু জনতা দলের পরাজয়ের জন্য দলের অনেকেই এই অবসরপ্রাপ্ত তামিল অফিসারকে নিশানা করেছেন। বস্তুত নবীন এই অফিসারকে আশ্রয় করেই বিগত চার-পাঁচ বছর প্রশাসন চালাচ্ছিলেন। এ বছর এই তামিল অফিসার চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেডিতে যোগ দেন। তারপর থেকে দল ও সরকারের শেষ কথা হয়ে ওঠেন নবীনের পছন্দের এই অফিসার।
বিজেডির অনেকেই মনে করছিলেন এই অবসরপ্রাপ্ত তামিল অফিসারই দল ও সরকারে নবীনের উত্তরসূরি হতে চলেছেন। বিজেপি, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত নবীনের অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলে নাম না করে পান্ডিয়ানের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন।
পান্ডিয়ানকে নিয়ে দলেও ক্ষোভ আছে বুঝে ভোটের মধ্যে নবীন ঘোষণা করেন কাউকেই তিনি দল ও সরকারে তাঁর উত্তরসূরি বাছেননি। কিন্তু শেষ রক্ষা তাতে হয়নি।