
শেষ আপডেট: 20 March 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিক, কেন্দ্র-রাজ্যের দুই মন্ত্রীর হাতাহাতির ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের দিনহাটায়। বুধবার তার রেশ ছড়িয়ে পড়ল কোচবিহার জেলাজুড়ে।
ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬ টা থেকে দিনহাটায় ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল তৃণমূল। ফলে সকাল থেকেই এলাকার বাজার, হাট বন্ধ ছিল। তবে বেলা গড়াতেই নিজের ফেসবুক পেজে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বনধ প্রত্যাহারের কথা জানান। ফেসবুকে মন্ত্রী লেখেন, 'বনধে মানুষের সর্বাত্মক সাড়া মিলেছে। তাই জনজীবনের স্বার্থেই বিকেল ৪টের পর বনধ তুলে নেওয়া হচ্ছে।'
এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এদিন কোচবিহারে এসপি অফিস ঘেরাও অভিযানে নামে বিজেপির। গেরুয়া শিবিরের ওই ঘেরাও অভিযানকে ঘিরে এসপি অফিসে রীতিমতো রণক্ষেত্রর পরিবেশ তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। দু'পক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
এদিকে এই পরিস্থিতির মধ্যেই এদিন দুপুরে দিনহাটায় পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে রাজ্যপাল জানিয়েছিলেন, "অশান্তিকে রেয়াত করা হবে না। পঞ্চায়েতের মতো হিংসার ঘটনা যাতে এবারের ভোটে না ঘটে সেদিকে সকলে নজর দিতে হবে।"দিনহাটা কাণ্ডে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্টও তলব করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সন্ধেয় প্রচার সেরে দিনহাটার তৌপতি এলাকা দিয়ে যাচ্ছিলেন অমিত শাহের ডেপুটি। অন্যদিকে সেই সময় ওই এলাকার তৃণমূল কর্মীরা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন করছিলেন। অভিযোগ, সেই ভিড়ে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় আটকে যায়। ভিড় সরানোর নামে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রক্ষীরা কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ।
এরপরই পরিস্থিতি রণক্ষেত্রর আকার নেয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল কর্মীদের। সেখানেই বচসা থেকে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই মন্ত্রী।
দু'পক্ষের বেশ কয়েকজন জখম হন। মন্ত্রীদ্বয়ের সঙ্গে ছিলেন তাঁদের নিরাপত্তারক্ষীরাও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দিনহাটার এসডিপিওর মাথা ফেটে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। বুধবারও তার রেশ অব্যাহত।