
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
শেষ আপডেট: 26 April 2024 23:20
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের ইস্তাহার নিয়ে এবার সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন ধরে কংগ্রেসের ইস্তাহার নিয়ে সরব। প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের ইস্তাহারের ঘোষণা অনুযায়ী এই দল ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে।
অন্যদিকে, ইস্তাহারকে হাতিয়ার করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী সভায় অভিযোগ করেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে মুসলমানদের গরুর মাংস খাওয়ার সুযোগ করে দিতে চায়।’ যোগীর কথায়, ‘ইস্তাহারে কংগ্রেস বলেছে, দল সংখ্যালঘুদের পছন্দসই খাবার খাওয়ার সুযোগ করে দিতে চায়। এর অর্থ কী? এর অর্থ মুসলমানদের গরুর মাংস খাওয়ার সুযোগ করে দেওয়া। তার অর্থ হল, গো-হত্যা। অথচ, গরুকে আমরা গো-মাতা বলে পুজো করি।’
প্রসঙ্গত, ২০১৭-তে যোগী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরই ওই রাজ্যে গো-হত্যা, গো-মাংস বিক্রি, বহনের উপর আইন করে নিষেধাজ্ঞা জারি করেন। নিষিদ্ধ করা হয় বেআইনি স্লটার হাউস।
সেই আইন ভাঙার দায়ে একদিকে যেমন পুলিশ বহু মানুষকে জেরে পোরে, অন্যদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ হামলার শিকার হন। গণপিটুনিতে মারা যান বেশ কয়েকজন।
গো-হত্যা বিরোধী আইনের প্রসঙ্গ টেনে যোগী কংগ্রেসের ইস্তাহারের বিরুদ্ধে সরব হয়েছেন। লক্ষণীয় হল, প্রধানমন্ত্রী মোদী থেকে গোটা বিজেপি পরিবার এবার কংগ্রেসের ইস্তাহার নিয়ে সরব। প্রথম দফার ভোটের পর থেকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী উন্নয়নের থেকেও কংগ্রেসের ইস্তাহারে কী আছে তা নিয়ে বলছেন বেশি। রাজস্থানে গত রবিবারের সভায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সরাসরি মুসলিম সমাজকে নিশানা করায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সেই অর্থে এবার ভোটের হাওয়া না থাকায় মেরুকরণেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে পদ্মশিবির। যদিও কংগ্রেস-সহ বিরোধীদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ বিজেপির নতুন নয়। তাতে সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে রাজনীতি করার কথাই বলত দল। এবার সরাসরি মুসলিম সমাজকে নিশানা করে পথে নেমেছে বিজেপি। অনেকেই বলছেন, কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মুসলিম সমাজকে সরাসরি নিশানা করার এই কৌশল নতুন।