
Abhijit Gangopadhayay
শেষ আপডেট: 7 March 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগদানকে বিস্ময়কর বলা যাবে না। এই নিয়ে যেটুকু আলোচনা চলছিল তার সমাপ্তি মঙ্গলবারই ঘটিয়ে ফেলেছিলেন তিনি নিজে। সংবাদমাধ্যমে স্পষ্ট জানান, বিজেপিতে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শুধু যোগ দেওয়া নয়, রাজনীতির ময়দানে নেমে তাঁর প্রাথমিক লক্ষ্য কী, সেটাও স্পষ্ট করে দিলেন।
বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ''একেবারে নতুন জগতে পা দিলাম। যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহদের মতো নেতারা আছেন। দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্ব আমাকে দেওয়া হবে, তা পালন করার সবরকম চেষ্টা করব।'' প্রত্যক্ষভাবে তৃণমূলের বিরুদ্ধে সুর আগেই চড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার শুভেন্দু-সুকান্তর পাশে বসে তাঁর আক্রমণ ঝাঁজ যেন দ্বিগুণ হয়েছিল।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে না দিতেই তাঁর লক্ষ্য পরিস্কার করে দেন। জানান, ''প্রথম উদ্দেশ্য হচ্ছে, পশ্চিমবঙ্গে থেকে একটা দুর্নীতিগ্রস্থ দলের এবং সরকারের বিদায়লগ্নের সূচনা করে দেওয়া। যাতে ২০২৬-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে।'' সদ্য বিজেপি নেতা হওয়া অভিজিতের কথায়, ''বাংলায় প্রয়োজনে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার। খুব কষ্ট পাই যখন দেখি, বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে।''
মঙ্গলবার যখন সাংবাদিক বৈঠক করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখনই তৃণমূলের বিরুদ্ধে তাঁর ক্ষোভ ঝরে ঝরে পড়ছিল। মন্তব্য করেছিলেন, তিনি তৃণমূলকে যাত্রাপার্টি মনে করেন, কোনও রাজনৈতিক দল বলেই মনে করেন না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর মত ছিল, তিনি একজন প্রকৃত রাজনীতিবিদ। বিজেপির পতাকা হাতে ধরে মমতার দলকেই বাংলা থেকে উৎখাত করার আনুষ্ঠানিক শপথ নিয়ে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বৃহস্পতিবার অভিজিতের বিজেপিতে যোগদান কর্মসূচির মঞ্চে উপস্থিত ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। শুভেন্দু জানান, অমিত শাহজির আর্শীবাদ নিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যের রাজনীতিতে এ রকম এক জনের প্রয়োজন ছিল।