
শেষ আপডেট: 29 December 2020 12:58
হাড়ের জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে চোখের জল শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে দৃষ্টিশক্তি। এসবই হল ওমেগা ৩-এর অভাবজনিত লক্ষণ। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের সঙ্গে জড়িত। ওমেগা ৩ নিয়মিত শরীরে প্রবেশ করলে ব্রেস্ট ক্যানসার রোধ করা যায় খুব সহজেই। এমনকি শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য এর বিকল্প নেই।
রইল কিছু খাবারের নাম, যেগুলো বাড়িয়ে তুলতে পারে ওমেগা-৩
১. আখরোট
আখরোটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। প্রতি কাপে এটা ৩.৩৪৬ গ্রাম এএলএ সরবরাহ করে। তাই শরীরে ওমেগা ৩-এর ভারসাম্য ঠিক রাখতে প্রতিদিন একমুঠো আখরোট খেতেই পারেন। স্যালাডে, স্যুপে কিংবা ড্রাই ফ্রুটসের সঙ্গেও আপনি খেতে পারেন।
২. সালমন মাছ
খুব পরিচিত ও বিখ্যাত এই মাছের খাদ্যগুণ বলে শেষ করা যাবে না। প্রতি ১০০ গ্রাম মাছে একটি পিসে আপনি পাবেন চার গ্ৰাম মত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই মাছ বাজারে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। শুধু ওমেগা ৩ নয়, এতে আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম ইত্যাদির মত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান যা আপনার হাড় ও নার্ভাস সিস্টেমকে সচল রাখে। ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, চোখের দৃষ্টিশক্তি ইত্যাদির সুস্থতার সঙ্গে হাড়, নার্ভের সুরক্ষারও গ্যারান্টি।
৩. সার্ডিন মাছ
ওমেগা ৩ রয়েছে এরকম আরও একটি ননভেজ আইটেম হল সার্ডাইন মাছ। এটা অন্য মাছের থেকে সস্তা ও স্বাস্থ্যকর। যাঁদের শরীরে সোডিয়ামের অভাব রয়েছে, তাঁদের জন্য খুবই উপকারী। স্যান্ডউইচ, স্যালাড, এমনকি পিজ্জা বানাতেও এই মাছ ব্যবহার করতে পারেন।
৪. তিসি বীজ
ওমেগা ৩-এর খুব ভাল উৎস হল তিসি বীজ। আপনি যদি নিরামিষাশী হন, তাহলে আপনার ডায়েটে রাখতেই তিসি বা ফ্লেক্স সিডকে। শুধু ভেজে নিয়ে স্বাদমতো নুন ছড়িয়ে দিলেই খেতে সুস্বাদু হয় বীজ। এছাড়াও আপনি চাইলে ওটসের সঙ্গেও খেতে পারেন।
৫. কর্ড মাছের লিভারের তেল
কর্ড মাছের যকৃৎ নিঃসৃত তেল কিন্তু শুধুই খাবার নয়, অব্যর্থ ওষুধও বটে! খুব সহজেই বাজারে পাওয়া যায় এটি। অনেক ধরনের সিরিয়াস রোগে ও হার্টের রোগেও এই তেল খাওয়ার কথা ডাক্তাররা বলে থাকেন। আসলে কর্ড লিভার তেলে থাকে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ও ভিটামিন এ। এক টেবিলচামচের বেশি এই তেল কখনই খাওয়া উচিত নয়। কারণ বেশি ভিটামিন এ শরীরের ক্ষতিও করতে পারে। এক টেবিল চামচ তেলে ওমেগা ৩ থাকে প্রায় আড়াই গ্ৰাম। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে প্রতিদিন দেড় গ্ৰাম ওমেগা ৩ যথেষ্ট। চাইলে আপনিও ট্রাই করতে পারেন, উপকার পাবেন।