
জো বাইডেন ও হান্টার বাইডেন। ফাইল ছবি।
শেষ আপডেট: 2 December 2024 12:03
দ্য ওয়াল ব্যুরো: দ্বিজেন্দ্রলাল রায়ের 'সাজাহান' নাটকের কেন্দ্রীয় চরিত্রের দশা জো বাইডেনের। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ঠিকানা বদলের আগে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে দিয়ে গেলেন। তাঁর ক্ষমাকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে ব্যাপক বিতর্ক ঘনিয়েছে। কারণ এর আগে বাইডেন সদর্পে বলেছিলেন, ছেলে হলেও তিনি কখনই তাঁকে বিশেষ ক্ষমতাবলে ক্ষমা করবেন না।
প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে জো বাইডেন কর ফাঁকি এবং বেআইনি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়া হান্টার বাইডেনকে ক্ষমা করে দেন। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেন তাঁর ছেলে হান্টার বাইডেনের ক্ষমাপ্রার্থনা স্বীকার করেছেন এবং ক্ষমা করে দিয়েছেন।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জো বলেছেন, আমার ছেলে হান্টারের ক্ষমাপত্রে আমি স্বাক্ষর করছি। যেদিন থেকে আমি প্রেসিডেন্ট পদে বসেছি, আমি বলেছিলাম যে, বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করব না। আমি সেই কথা আজ পর্যন্ত রেখেছি, কিন্তু আমি দেশেছি আমার ছেলে বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, অস্বচ্ছভাবে শাস্তি দেওয়া হয়েছে, দাবি জো-এর।
সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্টের এই ক্ষমা প্রদর্শন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও রদ করার ক্ষমতা নেই। উল্লেখ্য, হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জঁ-পিয়ের আগের মাসেও জোরের সঙ্গে বলেছিলেন যে, ক্ষমা প্রদর্শনের কোনও প্রশ্নই ওঠে না। যে কোনও সাধারণ নাগরিকের মতো হান্টার বাইডেনকেও বিচারের মুখোমুখি হতে হবে।