দ্য ওয়াল ব্যুরো: ৩১ আগস্টের পর আফগানিস্তানের মাটিতে আর একদিনও নয়! আমেরিকাকে স্পষ্ট হুঁশিয়ারি তালিবানের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণামাফিক ওই দিনটাই মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের চূড়ান্ত দিন। সুতরাং তারপরও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আমেরিকান বাহিনীর থাকার মেয়াদ বাড়লে পরিণতি মারাত্মক হবে। ওয়াশিংটনকে জানিয়ে দিল তালিবান, যারা গত ১৫ আগস্ট কাবুল দখল করে নির্বিচারে অত্যাচার শুরু করেছে।
রবিবারই বাইডেন ইঙ্গিত দেন, তাঁর প্রশাসনের ভিতরে আলোচনা চলছে যে, মার্কিন বাহিনী সরানোর চূড়ান্ত সময়সীমা ৩১ আগস্টের পর বাড়তেও পারে। আফগানিস্তানের বর্তমান নৈরাজ্য, বিশৃঙ্খলার জন্য বিশ্বব্যাপী সমালোচিত বাইডেন কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার অভিযান প্রক্রিয়া মসৃণ করার জন্য সময়সীমা বাড়ানোর কথা চিন্তাভাবনা করছেন। ওদিকে কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করেছেন তালিবানি শাসনে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। কিন্তু তালিবান আমেরিকাকে ৩১ আগস্টের পর আর সময় দিতে নারাজ। আমেরিকার সঙ্গে তালিবানের নাকি বোঝাপড়া হয়েই রয়েছে যে,৩১ আগস্ট পর্যন্ত তারা নতুন সরকার ঘোষণা করতে পারবে না। ৩১ আগস্টের সময়সীমা পেরিয়ে গেলে সেই প্রক্রিয়াও বিলম্বিত হবে।
এদিকে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে জি ৭ গোষ্ঠীর জরুরি বৈঠক ডেকেছেন, সেখানেও ব্রিটেন আমেরিকাকে সময়সীমা বৃদ্ধির অনুরোধ করতে পারে বলে খবর। পাশাপাশি ব্রিটেন গোষ্ঠীর সদস্য দেশগুলির সামনে তালিবানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও নাকি পেশ করবে। গোষ্ঠীতে আমেরিকা, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডাও আছে। ব্রিটেনের ধারণা, তালিবান মানবাধিকার ভঙ্গ করে চললে, সন্ত্রাসবাদীদের আফগান ভূখণ্ড ব্যবহার করতে দিলে তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি ত্রাণও আটকে দেওয়া যায়।
জনসন রবিবার ট্যুইট করেন, নিরাপদে আফগানিস্তান থেকে উদ্ধার প্রক্রিয়া সুনিশ্চিত করতে, মানবতার সঙ্কট এড়াতে , গত ২০ বছরের ফায়দা সুরক্ষিত রাখতে আফগান জনগণকে সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলের একজোট হওয়াটা জরুরি।