
পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা
শেষ আপডেট: 26 March 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত পাচঁজন চিনা নাগরিক নিহত হয়েছেন। তারাঁ পেশায় ইঞ্জিনিয়ার।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশে। সেখানকার দাসু এলাকায়। পুলিশ জানিয়েছেন ইসলামাবাদ থেকে চিনা ইঞ্জিনিয়াররা দাসুতে একটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন। সেখানে তাঁদের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। সেই গাড়িটি ছিল বিস্ফোরক বোঝাই।
হামলাকারীদের কতজন নিহত হয়েছেন এখনও স্পষ্ট নয়। তবে চিনা ইঞ্জিনিয়ারদের গাড়ির চালক বেঁচে গিয়েছেন। তাঁর অবস্থা গুরুতর। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।
পাকিস্তানে এই ধরনের হামলার ঘটনা নতুন নয়। নতুন চিনের নাগরিক, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের উপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। গত বছর বেলুচিস্তানে জঙ্গি হানায় নিহত হন তিন চিনা নাগরিক। ওই ঘটনায় দুই জঙ্গি এবং এক সেনা অফিসারও প্রাণ হারান।
বালুচিস্তানে দু বছর আগে আর এক আত্মঘাতী হামলায় মারা যান নয় চিনা নাগরিক। তাঁরাও সকলেই ইঞ্জিনিয়ার ছিলেন। আসলে বালুচিস্তানে চিনের বিপুল বিনিয়োগ আছে। অন্যদিকে বালুচ জঙ্গিরা ওই এলাকায় সক্রিয়। তাঁরা পৃথক বালুচিস্তানের দাবিতে আন্দোলন করে চলেছে।