
সিঙ্কহোলে পড়ে যাওয়া গাড়ি
শেষ আপডেট: 30 August 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তায় আচমকাই ধস নামে। আর তাতেই গর্তের মধ্যে পড়ে গেল গাড়ি। গুরুতর আহত দু’জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওডেমান জেলায়। কোনওক্রমে বেঁচে গিয়েছেন গাড়ির দুই আরোহী। পথচারীরাই উদ্ধার করে তাঁদের হাসপাতালে ভর্তি করান।
বৃহস্পতিবার সোলের রাস্তা ধরে যাচ্ছিল গাড়িটি। আচমকাই রাস্তার মাঝে ধস নামার কারণে বড় গর্ত সৃষ্টি হয়। দ্রুতগতিতে ছুটে আসা ওই গাড়িটি গর্তে পড়ে উল্টে যায়। গাড়িতে ছিলেন দম্পতি। তাঁদের বাঁচাতে স্থানীয়েরা ছুটে আসেন। তাঁরাই গাড়ির ভিতর থেকে দম্পতিকে উদ্ধার করেন। তারপরই ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসনের পরিসংখ্যান বলছে, ২০২৯ থেকে ২০২৩ সালের মধ্যে ৮৭৯টি ‘সিঙ্কহোল’-এর ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ক'দিন আগেই কুয়ালা লামপুরে এক ভারতীয় পর্যটক এ রকমই রাস্তার মাঝে সৃষ্ট ‘সিঙ্কহোল’-এ পড়ে মারা যান।