
শেষ আপডেট: 18 October 2023 08:54
দ্য ওয়াল ব্যুরো: গাজার হাসপাতালে বোম ফেলল ইজরায়েলি বোমারু বিমান। বিস্ফোরণে আগুন জ্বলল হাসপাতালে। ছিন্নভিন্ন, দগ্ধ হয়ে নিঃশেষ হয়ে গেল অন্তত ৫০০ প্রাণ। শয়ে শয়ে আহত ও বাস্তহারা মানুষজন শেষ সম্বল নিয়ে আশ্রয় নিয়েছিল ওই হাসপাতালে। বিমান হানায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। আহত আরও বহু মানুষ। হাসপাতালে ইজরায়েলের এই অতর্কিত হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।
মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে ওই হামলা চালানো হয়। ইজরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। তবে ইজরায়েল এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন ইসলামিক জেহাদ এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, ইজরায়েলের বাহিনীর এতে কোনও ভূমিকাই নেই।
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে বোমা বর্ষণে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা গুনে শেষ করা যাবে না।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, বিস্ফোরণের পর হাসপাতালের বহুতল ভবনটি জ্বলছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে আহতদের আর্তনাদ।
আল জাজিরার একটি প্রতিবেদন বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে হাসপাতালটিতে একাধিকবার বোম ফেলে ইজরায়েলের বোমারু বিমান। বিস্ফোরণে আগুন জ্বলে যায় হাসপাতালে। আহতরা আর পালাতে পারেননি। সেখানেই নির্মম মৃত্যু হয় তাঁদের। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এই হামলার নিন্দা করেছেন।
গাজায় হাসপাতালে এমন নৃশংস হত্যালীলাকে ‘জঘন্য অপরাধ’ বলে চিহ্নিত করেছেন জর্ডনের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। একে ‘গণহত্যা’ অভিহিত করে তিনি বলেন, এই পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারে না। এভাবে সাধারণ মানুষকে হত্যা ‘মানবতার জন্য লজ্জাজনক’। ইজরায়েল যেভাবে হত্যালীলা চালাচ্ছে তা নারকীয় বললেও কম বলা হয়। হাসপাতালে হামলার তীব্র নিন্দা করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রকও। কাতারের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইজরায়েল যেভাবে গাজার হাসপাতাল, স্কুল ও জনবহুল এলাকায় হামলা চালাচ্ছে তাতে সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হিংসা আরও দ্বিগুণ ছড়াচ্ছে।