মঙ্গলবার ইরান থেকে প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা দিল্লিতে (Delhi) ফিরবেন বুধবার।

মঙ্গলবার ইরান থেকে প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
শেষ আপডেট: 17 June 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল সংঘাত (Iran-Israel Conflict) এখন চরমে, এই পরিস্থিতিতে তেহরান থেকে দেশের পড়ুয়াদের সরিয়ে আনতে উদ্যোগী হল ভারত (India)। মঙ্গলবার ইরান থেকে প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা দিল্লিতে (Delhi) ফিরবেন বুধবার।
ভারত সরকার ইতিমধ্যেই একাধিক জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে এবং ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে— "যাঁদের পক্ষে তেহরান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাঁরা যেন দেরি না করে অবিলম্বে শহর ত্যাগ করেন।"
জরুরি হেল্পলাইন নম্বর:
+98 9010144557
+98 9128109115
+98 9128109109
প্রসঙ্গত, ইজরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন' অভিযানে ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালানো হয়। সেই হামলার জবাবে ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইজরায়েলের দিকে। ইতিমধ্যেই ২০ জনেরও বেশি প্রাণহানির খবর পাওয়া গিয়েছে, আহত কয়েকশো।
ইরানে মসাদের ড্রোন ফ্যাক্টরি ধ্বংসের দাবি:
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ইরান দাবি করেছে, রাজধানী তেহরানে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মসাদের ড্রোন তৈরির একটি গোপন ফ্যাক্টরি তারা ধ্বংস করেছে। এই অভিযানে ধরা পড়েছে মসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দু’জন ব্যক্তি। তাদের কাছ থেকে ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও ২০০ কেজির বেশি বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে।
টিভি স্টুডিওতে হামলার ভিডিও ভাইরাল:
সোমবার অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় ইরানের একটি টিভি স্টুডিওতে সরাসরি সম্প্রচারের সময় আচমকা মিসাইল হানা হয়েছে। সঞ্চালিকা সাহার ইমামি তখন খবর পড়তে ব্যস্ত ছিলেন। বিস্ফোরণের পর চমকে উঠে তাঁকে উঠে যেতে দেখা যায়।
ট্রাম্পের হুঁশিয়ারি ও জি-৭ থেকে প্রস্থানের সিদ্ধান্ত:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান 'পারমাণবিক চুক্তি' স্বাক্ষর না করায় এই বিপর্যয়। তিনি ট্রুথ-এ লিখেছেন, “ইরান এই চুক্তি আগেই মানলে এত প্রাণহানি হত না। আমি বহুবার বলেছি— ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না! সবাই এখনই তেহরান ছাড়ুন।”
জি-৭ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প কানাডায় গেলেও আরব দুনিয়ার পরিস্থিতির জেরে এক দিন আগেই সম্মেলন ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও প্রস্তুতি:
ইরান-ইজরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হতেই, আরব দুনিয়ায় আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, “আমাদের বাহিনী এখন সেখানে কৌশলগতভাবে অবস্থান করছে, যাতে প্রয়োজনে প্রতিরক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের পথও খোলা থাকে।”
চুক্তি বাতিল ও বিশ্ব উদ্বেগ:
পরিস্থিতির কারণে রোববার নির্ধারিত আমেরিকা-ইরান পরমাণু আলোচনা বাতিল হয়েছে। আন্তর্জাতিক স্তরে চিন, তুরস্ক, ব্রিটেন-সহ একাধিক দেশ দুই পক্ষকে দ্রুত শান্তিপূর্ণ পথে ফিরতে অনুরোধ জানিয়েছে।