যোগ্যতাঅর্জন পর্বের প্রথম ম্যাচেই ভারত মঙ্গোলিয়াকে উড়িয়ে দিয়েছে ১৩-০ গোলে। থাইল্যান্ডের চিয়াং মাইয় স্টেডিয়ামে ভারত প্রথমার্ধেই এগিয়ে যায় ৪-০ গোলে। আর দ্বিতীয়ার্ধ জুড়ে চলেছে শুধু গোল উৎসব।

ভারত বনাম মঙ্গোলিয়া
শেষ আপডেট: 23 June 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের মেন ইন ব্লুজ মানেই একরাশ অন্ধকার। তবে পুরুষদের সেই ব্যর্থতা ঢেকে দিচ্ছে ব্লু টাইগ্রেস। এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ (AFC-Qualifiers 2026) কোয়ালিফায়ারে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ক্রিসপিন ছেত্রীর ছাত্রীরা।
সোমবার যোগ্যতাঅর্জন পর্বের প্রথম ম্যাচেই ভারত মঙ্গোলিয়াকে (India vs Mongolia) উড়িয়ে দিয়েছে ১৩-০ গোলে। থাইল্যান্ডের চিয়াং মাইয় স্টেডিয়ামে ভারত প্রথমার্ধেই এগিয়ে যায় ৪-০ গোলে। আর দ্বিতীয়ার্ধ জুড়ে চলেছে শুধু গোল উৎসব।
ভারত এর আগে কখনও এএফসি মহিলা এশিয়ান কাপের ইতিহাসে (ফাইনাল রাউন্ড ও কোয়ালিফায়ার) ইতিহাসে এত বড় ব্যবধানে জয় পায়নি। এর আগে, ১৯৯৭ ও ২০০৫ সালে গুয়ামের বিরুদ্ধে ১০-০ গোলের জয় ছিল ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়।
সোমবারের ম্যাচে মঙ্গোলিয়ার বিরুদ্ধে পাঁচটি গোল করে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের পিয়ারি জাক্সা। তাঁর গোলগুলি এসেছে যথাক্রমে ২৯, ৪৫, ৪৬, ৫২ ও ৫৫ মিনিটে।
এছাড়া দু’টি করে গোল করেছেন সৌম্যা গুগুলোথ (২০, ৫৯) এবং প্রিয়দর্শিনী সেল্লাদুরাই (৭৩, ৮৬)। পাশাপাশি সঙ্গীতা বসফোর (৮), রিম্পা হালদার (৬৭), মালবিকা (৭১), এবং গ্রেস ডাংমেই (৭৫, পেনাল্টি) করেছেন একটি করে গোল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ব্লু টাইগ্রেস। ৮ মিনিটে দলকে এগিয়ে দেন বাংলার সঙ্গীতা বাসফোর। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সৌম্যা। তৃতীয় গোলটি ২৯ মিনিটে করেন পিয়ারি। প্রথমার্ধের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৪-০ করেন পিয়ারি।
দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে আরও মরিয়া হয়ে ওঠে ভারত। ৪৬ মিনিটে গ্রেস ডাংমেইয়ের ক্রস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন পিয়ারি। ৫২ ও ৫৫ মিনিটে করেন আরও দু’টি গোল। এরপর ৫৯ মিনিটে ভারতের হয়ে অষ্টম গোলটি করেন সৌম্যা।
এখানেই অবশ্য থামেনি ভারতের দাপট। রিম্পা, মালবিকা, ও প্রিয়দর্শিনী নিমেষের মধ্যে গোল করে ব্যবধান ১১-০ করেন। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে ১২-০ গোলে এগিয়ে দেন গ্রেস ডাংমেই। ম্যাচের শেষ দিকে প্রিয়দর্শিনী তাঁর দ্বিতীয় গোলটি করলে ব্যবধান দাঁড়ায় ১৩ গোলের।
যোগ্যতা অর্জনপর্বে ভারত রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপের বাকি দলগুলি হল থাইল্যান্ড, তিমুর লেস্তে, এবং ইরাক।
গ্রুপের শীর্ষ দলই অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা মূল পর্বে যোগ্যতা অর্জন করবে। এই টুর্নামেন্টটি ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপের জন্যও কোয়ালিফায়ার হিসাবে কাজ করবে।
মঙ্গোলিয়াকে হারিয়ে ভারতীয় দলের কোচ ক্রিসপিন ছেত্রী বলেন, “এটি আমাদের জন্য একটি দুর্দান্ত শুরু। পিয়ারি, সৌম্যা, প্রিয়দর্শিনী, এবং পুরো দল অসাধারণ খেলেছে। আমরা এখন পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।”
সৌম্যাদের পরের ম্যাচ রয়েছে ২৯ জুন, প্রতিপক্ষ তিমুর লেস্তে।