.jpg)
কেন পরিচালনা ছাড়লেন সুকমল?
শেষ আপডেট: 21 March 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই একটি পোস্ট সামাজিক মাধ্যমে। 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের পরিচালক সুকমল নাথ জানিয়েছেন আর এই ধারাবাহিকের অংশ নন তিনি। লিখেছেন নিজের ইচ্ছেতেই এই ধারাবাহিক পরিচালনা ছেড়ে দিয়েছেন তিনি। টিআরপির টপে থাকা ধারাবাহিক ছেড়ে দেওয়ার মতো সাহস নিয়ে যখন চারিদিকে আলোচনা ঠিক তখনই ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেন তিনি। ঠিক কী হয়েছে? কেন রাতারাতি এই সিদ্ধান্ত?
সুকমলের কথায়, "এটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনও ঝামেলাঝাঁটির গন্ধ নেই। প্রায় আড়াই বছর ধরে এই ধারাবাহিক পরিচালনা করে এসেছি। অনেক দিন ধরেই ব্রেক চাইছিলাম আমি। অবশেষে সেই ব্রেক মঞ্জুর হয়েছে। আপাতত দুই মাস ব্রেক নেব। এরপর নতুন কোনও ধারাবাহিক বা এই ধারাবাহিকেই আবার পরিচালক হিসেবে ফিরতে পারি আমি।"
এরই পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি লেখেন, "জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক। স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য। তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে—একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো, নতুন কোনও গল্পের সঙ্গে নতুন রূপে।"
এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম পাঁচে ছিল এই ধারাবাহিক। নতুন পরিচালকের ভূমিকায় দেখা যাবে কে? জানতে দ্য ওয়ালের তরফে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর যোগাযোগ করা হয়। তবে তিনি ফোনে অধরা।