
শেষ আপডেট: 9 July 2023 07:32
দ্য ওয়াল ব্যুরো: সিনেমা মুক্তির এখনও ঢের দেরি। এরমধ্যেই ফের নিজের ছবির পোস্টার চুরির অভিযোগ তুললেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। স্ক্রিনশট পোস্ট করে একটি প্রখ্যাত অ্যাওয়ার্ড সংস্থার (award show page) বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। তথাগতর দাবি, তাঁর পরবর্তী বাংলা ছবি ‘পারিয়া’র পোস্টার (film poster) ফটোশপ করে তাতে রণবীর কাপুরের মুখ বসানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই আসল এবং নকল ছবিটি পাশাপাশি পোস্টও করেছেন পরিচালক। একই অভিযোগ তুলেছেন ‘পারিয়া’র প্রধান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও।

‘আইফা’ (IIFA) অ্যাওয়ার্ড শোয়ের ফেসবুক পেজে শনিবার একটি পোস্ট করা হয়। আগামীদিনে বলিউডে কী কী বড় ছবি আসতে চলেছে, সেটাই দেখানো হয়েছে। সেখানে রয়েছে ‘জওয়ান’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো ছবির পোস্টারগুলিও। এর পাশেই জায়গা করে নিয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। বিপত্তি ঘটেছে সেখানেই। দেখা গিয়েছে, রণবীরের মুখ বাদে ওই ছবিটির বাকি অংশের সঙ্গে ‘পারিয়া’ পোস্টারের হুবহু মিল। আদতে ওটা মিল শুধু নয়, ওই একই পোস্টার। শুধু বাংলা ছবিটির অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের মুখ কেটে সেখানে রণবীরের মুখ জুড়ে দেওয়া।
তথাগতর অভিযোগ, ছবির পোস্টার চুরি করে সেখানে রণবীরের মুখ ও ছবির নাম বসানো হয়েছে। একইসঙ্গে ওই এডিট খুবই নিম্নমানের বলেও দাবি করেছেন পরিচালক। ফেসবুকে সেই দু’টো ছবি পোস্ট করে তথাগত লেখেন, “ছিল রুমাল হয়ে গেল বেড়াল। বিক্রমের শরীরে রণবীরের মাথা! পোস্টার ‘পারিয়া’র, নাম ‘অ্যানিম্যাল’ নামের হিন্দি সিনেমার। শুধু বিক্রমের মাথাটা আর সিনেমার নামটা পাল্টে দেওয়া হয়েছে। একটা তথাকথিত অ্যাওয়ার্ড শো-এর সামাজিক মাধ্যমের পাতা থেকে যারা এই বালখিল্যতাটা করেছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্তত ফোটোশপের কাজটা ভাল প্রত্যাশা করেছিলাম।”
লন্ডনে যাবেন জিতু-শ্রাবন্তী, কমলেশ্বরের আগামী ছবির শুভ মহরত হয়ে গেল