
শেষ আপডেট: 8 March 2023 06:47
দ্য ওয়াল ব্যুরো: ল্যাপটপ-ট্যাবের যুগে রেডিও একটু ব্যাকফুটে গেছে ঠিকই, তবে গল্প শুনতে কিন্তু এখনও মানুষ ভালবাসেন। যদিও তথাকথিত রেডিও শোনার অভ্যেস এখন গাড়িতে চলার সময়েই সীমাবদ্ধ। তবু সানডে সাসপেন্স(Sunday Suspense) অত্যন্ত জনপ্রিয় শো হয়ে উঠেছিল মীরের ম্যাজিকে। মীরের গলায় সানডে সাসপেন্স শোনার জন্য মানুষ মুখিয়ে থাকতেন। মির্চিকে আলবিদা বলার পরে অনেকেই ভেবেছিলেন গল্প শোনার দিন শেষ হল। কিন্তু তাদের আশা না ভেঙে মীর তাঁর নিজের ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছেন 'গপ্পো মীরের ঠেক'(goppo mirer thek)।
কিন্তু, মীরের এই ঠেক দেখে এবার নড়ে বসেছে মির্চি। তাই মীরের সঙ্গে পাল্লা দিতে এবার মাঠে নামল তারাও। কীরকম?
শনিবার মীরের গল্পের ঠেকে শোনা গেছিল তারানাথ তান্ত্রিকের (taranath tantrik) গল্প। মজার ব্যাপার, এবার সানডে সাসপেন্সেও শোনা গেল তারানাথ তান্ত্রিকের গল্প। শুধু তাই নয়, মীরের ঠেকের থেকে অনেক বেশি ভিউ পেয়েছে মির্চির অনুষ্ঠান। তবে কি, মীরকে টেক্কা দিতেই মির্চিতেও এল তারানাথ তান্ত্রিক! প্রশ্ন উঠছে শ্রোতাদের মনে।
সানডে সাসপেন্সে তারানাথ মানেই মীরের গলা। তবে এবারের কাহিনি শোনা গেল দীপের গলায়। দীপ জানাচ্ছেন, তিনি মীরের সঙ্গে কোনও প্রতিযোগিতায় যেতেই চান না। কারণ তিনি মীরের থেকে অনেক কিছু শিখেছেন।
অন্যদিকে মীরও জানাচ্ছেন, 'গপ্পো মীরের ঠেক'-এর বয়েস দু'মাসও হয়নি। আর সানডে সাসপেন্স এতদিনের শো, তার কুড়ি লক্ষেরও উপর সাবস্ক্রাইবার। তাই ভিউ-এর সংখ্যা দিয়ে তুলনাটা ঠিক করা হবে না। তাছাড়া গপ্পো মীরের ঠেক করার সাহস দেখাতে পারছি, কারণ আমার হাতেখড়ি সানডে সাসপেন্স থেকেই।
তাই মির্চি কিংবা গপ্পো মীরের ঠেকের যুদ্ধের কোনও জায়গা নেই। মানুষ দুটোকেই পছন্দ করুন, চাইছেন প্রাক্তন সকালম্যান, মীর।
গান চালানো নিয়ে অশান্তি, দেশে ফিরে খুন হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার যুবক