
শেষ আপডেট: 6 February 2021 12:26
সম্প্রতি টুইটারে কঙ্গনাকে ঠুকেই তীক্ষ্ণ মন্তব্য করে নজর কেড়েছেন গায়িকা সোনা মহাপাত্র। আসলে কঙ্গনা আজকাল কাউকেই ছেড়ে কথা বলছেন না। কখন যে কার উপর তিনি খচে যাবেন, তার গ্যারেন্টি কেউ দিতে পারছেন না আগে থেকে। কেউ কেউ তো আবার সোশ্যাল মিডিয়ায় লিখেই বসছেন, "কঙ্গনা শরীর ও মন দুইয়ের জন্যেই ক্ষতিকারক!" সারাবিশ্বের বিজ্ঞানীরা এই মুহূর্তে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য লেগে পড়ে আছেন। এই সময়েই একজন টুইটারবাসী মন্তব্য করেছেন, "আচ্ছা, কঙ্গনা রানাওয়াত থেকে বাঁচার জন্য কেউ কি ভ্যাকসিন তৈরি করছেন?"
এই টুইটটিই নিজের ওয়ালে শেয়ার করে যা লিখেছেন, তাতে সোনা মহাপাত্র ব্যঙ্গ করেই নিজের রসবোধের পরিচয় দিয়েছেন যেন। কঙ্গনাকে রানি সম্মোধন করে, সোনা লিখেছেন, "তুমি কে! আমি না রানি! সকাল হলেও, আমার হিউমার কিন্তু একেবারেই ঠিক আছে!"
দ্য কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত নিজেকে এখন দ্য রিয়্যাল কুইন অফ সোশাল মিডিয়া ভাবতে বসেছেন। প্রাক্তন ডিজিপি ও রাজনৈতিক নেতা হরিশ্চন্দ্র মীনা একটি টুইট করে জানতে চেয়েছেন, দেশের সমস্ত বিষয়ে কঙ্গনা রানাওয়াত কেন কথা বলেন! কঙ্গনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সেই টুইটটি রিটুইট করে কঙ্গনা লিখেছেন, "আমার যোগ্যতা! হা হা... আমি সত্যি বিশ্বাস করি, আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। কিন্তু সোশ্যাল মিডিয়ার এতো নির্বোধের মধ্যে মনে হয়, আমিই একমাত্র নেতৃত্ব দিতে সক্ষম। তাই রানির সামনে মাথা নীচু করে কথা বলুন।" পাশেই আবার একটি রানির মুকুটের ইমোজিও দিয়েছেন কঙ্গনা।
এরপর থেকেই কঙ্গনাকে নিয়ে নানারকম ঠাট্টা, তামাশায় মেতে উঠেছেন নেটবাসী। সেই ঠাট্টার মধ্যে ঢুকে সোনার এই মন্তব্য দেখে কঙ্গনা আবার কী বললেন, সেটাই এখন দেখার অপেক্ষা।