
শেষ আপডেট: 2 June 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো: গতবছর জুলাইয়েই প্রথম প্রকাশ্যে এসেছিল এই ছবির কথা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও হাওড়ার প্রাক্তন এসপি সুলতান সিংয়ের জীবনের কিছু ঘটনা নিয়েই আসছে নতুন ছবি ‘শিবপুর’। এই ছবিটি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। আপাতত সেসব বিতর্ক পার করেই মুক্তির অপেক্ষায় দিন গুনছে ‘শিবপুর’। শুক্রবার সে ছবির ট্রেলার মুক্তি পেল। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়।
অভিযোগ উঠেছিল, ছবির অন্যতম এক প্রযোজক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সেই নিয়ে তৈরি হয়েছিল আইনি জটিলতা। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছিল টলিউড। শেষে অন্যান্য প্রযোজকরা স্বস্তিকার পাশে দাঁড়ান। অভিযুক্তের নাম সরানো হয় ছবি থেকে। তবে এখন সেসব বিতর্ক অতীত।
‘শিবপুর’ ছবির যে টিজার মুক্তি পেয়েছে, যা দেখে গায়ে কাঁটা দেবে যে কারও। খুন, রক্তারক্তি, রাজনৈতিক ষড়যন্ত্র থেকে শুরু করে অন্ধকার জগতের বাড়বাড়ন্ত, একটা আদ্যোপান্ত রাজনৈতিক থ্রিলারে যা যা উপকরণ থাকা প্রয়োজন, তার সবই মজুত রয়েছে ছবিতে। ছবিতে সুলতান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে পরমের অভিনয় এ ছবির বড় পাওনা হতে পারে। অন্যদিকে জ্যোতি বসুর চরিত্রে রয়েছেন সুজন। এছাড়াও ছবির প্রধান নারী চরিত্রে আছেন স্বস্তিকা। টিজারে তাঁকে দেখা গিয়েছে নন গ্ল্যামারাস লুকে।
দেখুন টিজার -
আটের দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘শিবপুর’। বাম-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে একের পর এক রাজনৈতিক খুন, তুমুল অরাজকতার সৃষ্টি হয়েছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী হাওড়াতে। শেষে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামেন খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সঙ্গে নিয়েছিলেন এক আইপিএস অফিসারকে। তিনিই সুলতান সিং। পরম, স্বস্তিকা কিংবা নীল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তদের মতো অভিনেতারা রয়েছেন। আগামী ৩০ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘শিবপুর’।
অসুর ২ থেকে ব্লাডি ড্যাডি, এই ১০ ছবি, সিরিজ হতে চলেছে জুন মাসের মাস্ট-ওয়াচ