১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ছবি ‘দিওয়ানা’-র মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। তবে ছবির শ্যুটিং শুরুর সময় তাঁর জন্য কোনও গান নির্দিষ্ট ছিল না।

শাহরুখ খান
শেষ আপডেট: 17 July 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ছবি ‘দিওয়ানা’-র মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। তবে ছবির শ্যুটিং শুরুর সময় তাঁর জন্য কোনও গান নির্দিষ্ট ছিল না। সমস্ত গানই তখন রাখা হয়েছিল ঋষি কাপুরের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান গীতিকার সমীর।
দূরদর্শন উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সমীর বলেন, “যখন ‘দিওয়ানা’র গান লিখছিলাম, তখন সবগুলোই ঋষি কাপুরের জন্য রাখা হয়েছিল। তখন শাহরুখ আমার সঙ্গে দেখা করে বলল, ‘সমীরজী, আমাকেও একটা-দুটো হিট গান দিন না। সব তো ঋষি ভাইয়ার জন্য।’” গীতিকারের মতে, শাহরুখের এই অনুরোধের পরেই তৈরি হয় তাঁর পরিচিতি তৈরি করে দেওয়া দু'টি গান— ‘কোই না কোই চাহিয়ে’ এবং ‘আইসি দিওয়ানগি’।
সমীর আরও জানান, সেসময় সুরকার নাদিম (নাদিম-শ্রবণ জুটি) নতুন মুখ শাহরুখের উপর বিশেষ ভরসা রাখতে পারছিলেন না। তাঁর কথায়, “নাদিম প্রথমে বলেছিল, ‘নতুন ছেলে, কী করবে বোঝা যাচ্ছে না।’ তবে পরে বলল, দেখতে ভাল, একটা কিছু করা যেতে পারে।”
‘কোই না কোই চাহিয়ে’ গানেই মুম্বই শহরের রাস্তায় বাইক চালিয়ে বলিউডে প্রবেশ করেন শাহরুখ। সমীরের কথায়, “এই দুটো গান এবং ‘দিওয়ানা’ ছবি তাঁর কেরিয়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।”

শুধু শাহরুখ নন, সমীরের দাবি অনুযায়ী, একসময় বলিউডে তাঁর সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন সলমন খান এবং আমির খানও। সমীর বলেন, “আমি আমিরের সঙ্গে মনসুর খানের বাড়িতে রাত কাটিয়েছি, শাহরুখের সঙ্গেও নিয়মিত দেখা করতাম, সলমনের বাবার বাড়িতে ডিনারেও যেতাম। সবাইকে ভা গান লাগত, আর আমাদের দরকার ছিল ভাল পারফরমার। সময়ের সঙ্গে সব ঠিকঠাকই মিলে গিয়েছিল।”
এছাড়া সমীর জানান, গোবিন্দর মামাকে তিনিই বলেছিলেন, গোবিন্দার মতো দুর্দান্ত ডান্সারের সিনেমায় কাজ করা উচিত। ‘দেওয়ানা’র পর সমীর লিখেছিলেন ‘আঁজাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বাদশা’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবির বহু হিট গান, যা শাহরুখের কেরিয়ারকে আরও মজবুত করেছিল।