
শেষ আপডেট: 2 August 2022 13:38
দ্য ওয়াল ব্যুরো: আগামী ক'দিন পরেই মুক্তি পাবে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত 'ডার্লিংস' (Darlings)। তার আগেই মঙ্গলবার দুপুরে ইউটিউবে মুক্তি পেল এই ছবির গান 'লা ইলাজ' (La Ilaaj)। মুক্তি পেতেই রাতারাতি হিট গানটি। শ্রোতাদের তরফে বেশ ভালই সাড়া মিলেছে। গুলজারের লেখা ও অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটিতে সুর দিয়েছেন বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)। আজ দিল্লিতে এই গানটি মুক্তির জন্য বড় ইভেন্টের আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানে এসেই ছবির প্রযোজক শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রতিক্রিয়া নিয়ে গল্প শোনালেন বিশাল।
এই বিখ্যাত সঙ্গীত পরিচালক জানান, 'একদিন রাতে শাহরুখ হঠাৎই আমায় ফোন করেন। আমি ফোন ধরতেই তিনি হ্যালো অবধি না বলে লা ইলাজ গাইতে শুরু করে দেন। পুরো গানটা শেষ করার পর শাহরুখ বলেন, তাঁর সিনেমায় গানটা থাকলে আরও মজা হতো। একজন প্রোডিউসারের কাছে এমন ব্যবহার, এমন প্রশংসা পাওয়া যে কী আনন্দের তা বলে বোঝানোর নয়। ওঁর মতো প্রযোজক পাওয়া ভাগ্যের ব্যাপার।'
এই ইভেন্টে উপস্থিত ছিলেন আলিয়া ভাটও। তিনি জানান, 'আমি ১০০ বছর বয়স অবধি কাজ করে যেতে চাই। আমার বিশ্রামের প্রয়োজন নেই।' উল্লেখ্য, 'ডার্লিংস' সিনেমায় আলিয়ার পাশাপাশি অন্যতম দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় বর্মা এবং শেফালি শাহ। এর আগেও 'গাল্লি বয়' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল আলিয়া ও বিজয়কে।
নিজের স্বামীকেই কিডন্যাপ করেছেন আলিয়া! মায়ের মদতে চলছে অত্যাচার
অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রথমবার দেখা যাবে প্রযোজক আলিয়া ভাটকেও। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পাশাপাশি তিনিও এই সিনেমার কো-প্রোডিউসার। 'ডার্লিংস' পরিচালনা করেছেন জসমিন রিন। আগামী ৫ অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।