
শেষ আপডেট: 8 January 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো: গত এক মাস ধরে লাগাতার খুনের হমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। হুমকি চিঠি, ইমেলও পেয়েছেন তিনি। আগেও একাধিকবার সলমনকে খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। তারপর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু পানভেলে সলমনের ফার্ম হাউসের সিকিউরিটি কতটা সে নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ফার্ম হাউসে ঢুকতে গিয়ে ধরা পড়েছে দু’জন। তাদের পরিচয়পত্রও নাকি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ।
ফার্মহাউসের ম্যানেজার শশিকান্ত ওমপ্রকাশ ভার্গব পুলিশের কাছে অভিযোগ করেছেন, ফার্ম হাউসে উঁকিঝুঁকি দিচ্ছিল দুই তরুণ। ভেতরে ঢোকার চেষ্টা করতেই তাদের হাতেনাতে ধরে ফার্ম হাউসের নিরাপত্তারক্ষী। তিনি বলেন, দু’জন প্রধান ফটকের বাম দিকে ঝোপঝাড় ও পাঁচিলের উপর দিয়ে ঝাঁপ দিয়ে কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করছিল।
দুই তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের উত্তরপ্রদেশের বাসিন্দা মহেশ কুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম বলে পরিচয় দেয়। দুই অভিযুক্ত পরে পুলিশকে জানায় তাদের নাম আজেশ কুমার ওমপ্রকাশ গিলা (২৩), যিনি পেশায় একজন আসবাবপত্র ব্যবসায়ী এবং গুরুসেবক সিং তেজ সিং শেখ (২৩) একজন কাঠমিস্ত্রি। দু’জনেই পাঞ্জাবের বাসিন্দা৷ পুলিশ আধিকারিকরা তাদের মোবাইল ফোনে দুটি আধার কার্ডের সফট কপিও খুঁজে পেয়েছেন। কার্ডের একটি সেটে অজেশ কুমার ওমপ্রকাশ গিলা এবং মহেশ কুমার রামনিবাসের নাম উল্লেখ করা হয়েছে, অন্য সেটে আবার বিনোদ কুমার রাধেশ্যাম এবং গুরুসেবক সিং তেজ সিং শেখ নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাদের পরিচয়পত্রও ভুয়ো বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা), ৪৪৮ (অবাঞ্ছিত প্রবেশ), ৪৬৫ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) এবং ৪৭১ (প্রকৃত নথি জাল করা)-তে মামলা করা হয়েছে। পুলিশের দাবি, সলমন খান পার্ম হাউসে আছেন জেনে হয়ত তারা ঢোকার চেষ্টা করছিল। তবে ভুয়ো পরিচয়পত্র নিয়ে ঘুরছিল কেন সেটা জানার চেষ্টা চলছে।
গত কয়েকমাস ধরে একের পর এক খুনের হুমকি আসছে সলমনের কাছে। পেয়েছেন হুমকি চিঠি, ইমেলও। গত বছরের মাঝামাঝি তাঁকে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। তারই মাঝে এমন ঘটনা চিন্তায় ফেলেছে সলমন অনুরাগীদের।