
শেষ আপডেট: 12 July 2022 06:40
দ্য ওয়াল ব্যুরো: 'ধাকড়' (Dhaakad) দেখাই হল না আমার। তার আগেই প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে দিল হলমালিকরা। এবার এমনই আক্ষেপ শোনা গেল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Sashwata Chatterjee) গলায়।
জাঁকজমকপূর্ণ প্রচার চালিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘ধাকড়’ (Dhaakad)। যার ফলে চরম বিদ্রুপের মুখে পড়েছিলেন সিনেমার মূল অভিনেতা কঙ্গনা রানাউতও। দিনকয়েক আগেই কঙ্গনা বলেছিলেন, ‘ধাকড়’-এর এই ব্যর্থতা সমালোচকদের ক্রমাগত নেতিবাচক প্রচারের জেরে। প্রযোজকের অফিস বিক্রি করার খবর অস্বীকার করার পরে কঙ্গনা আরও লেখেন, ‘দীপক অফিস বিক্রি করেননি। সমস্ত খরচও উঠে এসেছে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ প্রচার থামার কোনও লক্ষণ নেই।'
সাফল্যের ৫০ দিন, কেক কেটে উদযাপন 'বেলাশুরু' পরিবারের
এ বার এই বিষয়ে মুখ খুললেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও (Sashwata Chatterjee)। যিনি 'ধাকড়'-এ (Dhaakad) একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বাংলার এই প্রখ্যাত অভিনেতার আক্ষেপ, 'প্রেক্ষাগৃহে ছবিটি এল এবং চলেও গেল। তাঁর দেখাই হল না। তার আগেই হলমালিকরা সিনেমাটি সরিয়ে নিল।'
রজনীশ ঘাই পরিচালিত ‘ধাকড়’ (Dhaakad) ছবিতে কঙ্গনা রানাউত, অর্জুন রামপাল এবং দিব্যা দত্তের সঙ্গী হয়েছিলেন শাশ্বত। এই ছবি ঘিরে তাঁর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বক্স অফিসে ছবিটির এমন ব্যর্থতার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'হতে পারে দর্শকরা ছবিটির গুরুত্ব বুঝতে পারেননি। খারাপ লাগছে।'