
শেষ আপডেট: 24 November 2023 12:30
দ্য ওয়াল ব্যুরো: বয়স প্রায় ৬০-এর দুয়ারে কড়া নাড়ছে। কিন্তু এখনও বিয়ে করেননি। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের নাম জিজ্ঞাসা করা হলে এখনও প্রথমেই আসবে সেই সলমন খানের নামই। তবে বিয়ে না করলেও বি টাউনে তাঁর মতো আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ খুঁজে পাওয়া দুষ্কর।
বিদেশে শো করতে গেলেও আগে গোটা পরিবারকে সঙ্গে করে নিয়ে যেতেন। বাবা-মা, ভাই-বোন, ভাইয়ের বৌ—কাউকেই একা ফেলে যেতেন না। তবে এখন সবাই সময়ের অভাবে যেতে পারেন না ঠিকই, কিন্তু সলমন তাঁদের সঙ্গে বাড়িতেই সময় কাটাতেই এখনও বেশি পছন্দ করেন।
ইদ হোক বা বড়দিন—কিংবা অন্য কোনও উৎসব, বাড়ির সদস্যদের সঙ্গেই জমিয়ে খানাপিনা করেন ‘ভাইজান’। কিন্তু সেটাও বাড়িতেই। নিজেরাই রান্না করেন রকমারি খাবার। আর তারপর জমিয়ে খাওয়া-দাওয়া করে গোটা পরিবার। সিনেমার বাইরে বাড়িতেই তাঁর নিজের আলাদা জগত।
আর সেই কারণেই বিগত ২৫-২৬ বছর বাইরে কোথাও ডিনার করতেও যাননি সলমন। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। বর্তমান সময়ে যেখানে আমজনতাও মাঝেমধ্যে পরিবার নিয়ে বা বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে খেতে যান, সেখানে সলমন বাইরে খাওয়া গত দু’দশকে ভুলেই গিয়েছেন।
অভিনেতা বলেছেন, “আমি হয়তো গত ২৫-২৬ বছর কিংবা তার বেশি সময় বাইরে ডিনারে যাইনি। শ্যুটিংয়ে থাকলে বিষয়টা আলাদা। খামারবাড়ি এবং নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট—এটুকুতেই আমার জীবন। এর বাইরে আমি সময় কাটাই শ্যুটিং করে অথবা জিম করে। অন্য কোথাও যাই না।”
উল্লেখ্য, সম্প্রতি দিওয়ালির সময় মুক্তি পেয়েছে সলমনের নতুন ছবি ‘টাইগার ৩’। অভিনেতার গত কয়েক বছর ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না। তবে ‘টাইগার’ সিরিজের তৃতীয় কিস্তি দিয়ে ফের পুরনো মেজাজে ফিরেছেন সলমন। ইতিমধ্যে ছবিটি ৪০০ কোটির বেশি আয় করেছে।