
শেষ আপডেট: 8 October 2023 21:16
দ্য ওয়াল ব্যুরো: বি টাউনে সারা বছরই চলে ভালোবাসার মরশুম। রুপোলি পর্দার কোন নায়ক কখন কোন নায়িকাকে মন দিয়ে বসবেন সে হিসেব ভারী কঠিন। মাঝেমধ্যে আবার বলিপাড়ায় সানাইও বেজে ওঠে। রণবীর থেকে পরিণীতি, বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরাও একে একে সংসারী হওয়ার দিকে মন দিয়েছেন। তবে অভিনয় জীবনে প্রায় ৩ দশকের বেশি পার করে ফেললেও এখনও পর্যন্ত যার আইবুড়ো নাম খণ্ডানোর কোনও লক্ষণ নেই তিনি সলমন খান।
তবে ৬০ ছুঁইছুঁই সলমনের নামের পাশে 'বিবাহিত' তকমা না বসলেও প্রেমিকার অভাব কোনও দিনই ছিল না ভাইজানের জীবনে। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, অভিনয় করতে গিয়ে একের পর এক অভিনেত্রীকে মন দিয়েছেন সলমন। অবশ্য সেই সম্পর্কের কোনওটিই টেকেনি। রবিবার ফের সলমনের জীবনে নতুন মানুষ আসার জল্পনা শুরু হয় তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে।