প্রিয়াঙ্কা বারবার ক্যামেরার দিকে নজর দিলেও নিকের দৃষ্টি যেন বারবার ফিরে যাচ্ছে স্ত্রীর দিকেই। এক কথায় স্ত্রীকে যে তিনি চোখে হারান, তা আরও একবার পষ্ট। অনেকের আবার মত, সেই দৃষ্টিতেই নাকি লুকিয়ে ছিল রেড কার্পেট থেকে সরে যাওয়ার ইঙ্গিত।

শেষ আপডেট: 12 January 2026 17:12
দ্য ওয়াল ব্যুরো: হলিউডের তারকাখচিত মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি এখন আর নতুন চর্চার বিষয় নয়। তবু প্রতিবারই তিনি আলোচনার কেন্দ্রে উঠে আসেন তাঁর ভূমিকাকে কেন্দ্র করে। ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’-এও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ অতিথি হিসেবে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা, সঙ্গে স্বামী নিক জোনাস। রেড কার্পেট থেকে অনুষ্ঠানস্থল—সর্বত্রই ধরা পড়েছে তাঁদের অনাবিল রসায়ন, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনুষ্ঠানের অন্দরমহলের নানা ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। কোথাও দেখা যাচ্ছে, নিকের টাই ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। আবার অন্য এক মুহূর্তে নিককে দেখা যাচ্ছে স্ত্রীর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে। এমনকী পাপারাজ্জিদের ফ্রেমে পোজ় দেওয়ার সময়ও তাঁদের চোখেমুখে ধরা পড়েছে গভীর প্রেম ও ঘনিষ্ঠতার ছাপ। এই ছোট ছোট মুহূর্তই নজর কেড়েছে নিক-প্রিয়াঙ্কার দর্শক ও অনুরাগীদের।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, দূরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ় দিচ্ছেন প্রিয়াঙ্কা ও নিক। সেখানে প্রিয়াঙ্কা বারবার ক্যামেরার দিকে নজর দিলেও নিকের দৃষ্টি যেন বারবার ফিরে যাচ্ছে স্ত্রীর দিকেই। এক কথায় স্ত্রীকে যে তিনি চোখে হারান, তা আরও একবার পষ্ট। অনেকের আবার মত, সেই দৃষ্টিতেই নাকি লুকিয়ে ছিল রেড কার্পেট থেকে সরে যাওয়ার ইঙ্গিত। ভিডিয়ো ঘিরে ইতিমধ্যেই নানা ব্যাখ্যা নেটপাড়ায় ভাইরাল।
শুধু ক্যামেরার সামনে নয়, অনুষ্ঠানের ভিতরেও একাধিক মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে। নিককে প্রিয়াঙ্কার হাত ধরে নাচতেও দেখা গিয়েছে। এই দৃশ্য দেখে অনেকেই তাঁদের ‘বিশ্বের সেরা তারকা দম্পতি’ বলেও উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কা ও নিক তাঁদের সম্পর্কের স্বাভাবিকতা ও পারস্পরিক যত্ন দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছেন, আর এই অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি।
রেড কার্পেটে হাঁটার সময় কালো গাউনে দেখা যায় প্রিয়াঙ্কাকে। তাঁর পোশাকের সঙ্গে মানানসই স্টাইলিং নজর কাড়লেও, বিশেষভাবে চোখে পড়েছে তাঁর পরা নীল হিরের আংটি। ঝলমলে সেই গয়না যেন আলাদা করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সব মিলিয়ে ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’-এ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের উপস্থিতি শুধু গ্ল্যামার নয়, ভালোবাসা আর সম্পর্কের উষ্ণতাও ছড়িয়ে দিয়েছে।