
পায়েল-রাজ
শেষ আপডেট: 24 March 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: একসময় তুমুল প্রেম ছিল তাঁদের। রাজ চক্রবর্তীর পরিচালনায় বহু ছবিতে কাজও করেছিলেন পায়েল সরকার। বর্তমানে বাইপাস সংলগ্ন এলাকার একই বহুতলের বাসিন্দা হলেও পায়েল ও রাজের সেই ঘনিষ্ঠতা আর নেই। তবু রবিবার রাত্রে হঠাৎ করেই রাজের সঙ্গে এক ছবি শেয়ার করলেন পায়েল। কিন্তু এ কী! ছবি দিয়েই 'ডিলিট'। এই মুহূর্তে তাঁর প্রোফাইলে সেই ছবির আর কোনও অস্তিত্ব নেই। কেন হঠাৎ করেই এই ছবি মুছতে হল তাঁকে? কী বা এমন ছবি দিয়েছিলেন তিনি?
গতকাল অর্থাৎ রবিবার শহরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রাজ ও পায়েল দু'জনেই হাজির ছিলেন। পায়েল পুরস্কার পান। রাজ সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেন। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করেন পায়েল। সেই ছবি মুছে দেওয়ার কারণ জানতে চেয়ে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় পায়েলের সঙ্গে।
তবে প্রশ্ন শোনা মাত্রই তিনি সাফ বলেন, "আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, পরে ফোন করছি।" যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিবেদকের কাছে সেই ফোন আসেনি। ধারণা করা যায়, প্রাক্তন-বিতর্ক এড়াতেই এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেন পায়েল।
শোনা যায়, রাজের জীবনে মিমির এন্ট্রির আগেই জায়গা করে নিয়েছিলেন পায়েল। এসেছিল ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ থেকে ‘বোঝে না সে বোঝে না’র মতো ছবি। তবে ইন্ডাস্ট্রি বলে, 'বোঝে না সে বোঝে না'র সেটেই নাকি হিসেবে খানিক গড়মিল হয়ে যায়। রাজ হয়ে পড়েন মিমিতে আসক্ত। পায়েলের সঙ্গেও সম্পর্ক আর থাকে না। রাজ এই মুহূর্তে শুভশ্রীকে বিয়ে করে ঘোরতর সংসারী। অন্যদিকে পায়েল এখনও বিয়ে করেননি। রিলেশনসিপ স্টেটাস জানতে চাইলে তাঁর বরাবরের দাবি, তিনি নাকি সিঙ্গল।