দ্য ওয়াল ব্যুরো: সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্ক নিয়ে তোলপাড় বলিউড। ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। অভিনেত্রী জ্যাকলিনের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি দেখা গেছে তাঁর। সেই সঙ্গে কোটি কোটি টাকার উপহার তিনি দিয়েছেন জ্যাকলিনকে, সেসব তথ্যও হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। বিতর্কের মাঝেই এবার সুকেশ দাবি করলেন, তিনি জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ভালবাসার সম্পর্কে ছিলেন, প্রতারণা তিনি করেননি।
সম্প্রতি সুকেশের হয়ে তাঁর আইনজীবী একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে সুকেশ ভালবাসার সম্পর্কে ছিলেন অভিনেত্রী জ্যাকলিনের সঙ্গে। তিনি প্রতারক নন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণ করা যায়নি। তাই এখনই তাঁকে প্রতারক হিসেবে দেগে দেওয়া যায় না। সুকেশের ব্যক্তিগত জীবন নিয়েও কাঁটাছেড়ার কোনও মানে হয় না বলে দাবি করেছেন তাঁর আইনজীবী অনন্ত মালিক।
২০০ কোটি টাকা প্রতারণার মামলায় সুকেশের সঙ্গে সম্পর্কের কারণে নাম জড়িয়েছে জ্যাকলিনের। ইডি তাঁর বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করেছে। তার ফলে জ্যাকলিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই সার্কুলার সরিয়ে নেওয়ার আবেদন নিয়ে গতকাল আবারও ইডির দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এর জন্যেই তিনি শ্যুটিংয়ের নানা কাজে বিদেশ যেতে পারছেন না। এতে তাঁর কাজের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। কিন্তু ইডি অভিনেত্রীর অনুরোধ রাখেনি।
৯ লাখের বিড়াল থেকে শুরু করে ৫২ লাখের ঘোড়া, পোর্শে, মার্সিডিজ, আরও নানা রকম গয়নাগাটির উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রী জানিয়েছেন, তখন তিনি সুকেশের আসল পরিচয় জানতেন না। তাই উপহার নিতেও কুন্ঠাবোধ করেননি।