দীর্ঘ দুই দশকের সংসার। একসঙ্গে লড়াই, হাসি, ঝগড়া, গর্ব—সব মিলিয়ে এক জীবনের গল্প গড়ে তুলেছিলেন টলিউডের জনপ্রিয় দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। কিন্তু সময়ের সঙ্গে সেই গল্পেই নেমে এসেছে অচেনা অন্ধকার।

রাহুলের পোস্ট।
শেষ আপডেট: 25 October 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দুই দশকের সংসার। একসঙ্গে লড়াই, হাসি, ঝগড়া, গর্ব—সব মিলিয়ে এক জীবনের গল্প গড়ে তুলেছিলেন টলিউডের জনপ্রিয় দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। কিন্তু সময়ের সঙ্গে সেই গল্পেই নেমে এসেছে অচেনা অন্ধকার। ২০২৪ সাল থেকেই তাদের ডিভোর্স নিয়ে শুরু হয় জল্পনা, আর সেই আলোচনার আগুন আজও নিভতে চায় না।
সব কিছুর সূচনা এক নীরব ক্লিক দিয়ে। নীলাঞ্জনা একদিন সোশ্যাল মিডিয়ায় যিশুকে আনফলো করেন। নামের পাশে থাকা ‘সেনগুপ্ত’ পদবি সরিয়ে আবার ফিরে যান নিজের পুরনো পরিচয়ে—‘শর্মা’। এতেই যেন টলিপাড়ায় বয়ে যায় ঝড়। প্রশ্ন ওঠে, প্রায় কুড়ি বছরের দাম্পত্যের ভাঙনের পেছনে ঠিক কী লুকিয়ে আছে?
গুঞ্জন থামেনি। কেউ বলেছে, যিশু নাকি নিজের এক আপ্ত সহায়কের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। এমনকি মুম্বইয়ে একসঙ্গে থাকা নিয়েও রটে গিয়েছিল খবর। অন্যদিকে, যিশু-ঘনিষ্ঠ একদল দাবি করেন—বিপরীতে দোষ নাকি নীলাঞ্জনার। তাঁদের মতে, নীলাঞ্জনা ছিলেন ‘কনট্রোল ফ্রিক’, সংসারে নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাই নাকি যিশুকে দূরে ঠেলে দেয়।
এই মন্তব্যেই সোশ্যাল মিডিয়ায় রসিক কটাক্ষ ছুড়ে দেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। নীলাঞ্জনার এক ঘরোয়া আড্ডার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সত্যি বলছি, খুব বাজে পার্টি... নীলাঞ্জনাদি কিছুতেই আমার কোনও অসুবিধে হতেই দিচ্ছে না... বড্ড কনট্রোল ফ্রিক!’ তার এই কটাক্ষে হেসেছেন অনেকেই, কমেন্ট সেকশন ভরে উঠেছে মজায়। কিন্তু মজার আড়ালে লুকিয়ে ছিল এক তীব্র সুর—একটা পরিবারের ছিন্ন সুতোর শব্দ।
নীলাঞ্জনা নিজে ডিভোর্স নিয়ে কখনও সরাসরি কিছু বলেননি। তবু তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টেই ভেসে উঠেছে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, এবং একা লড়াইয়ের কথা। কোথাও লিখেছেন নিজের “একা মা” হয়ে ওঠার গল্প, কোথাও আবার নীরবে জানিয়েছেন অভিমান।
শুধু তিনিই নন, যিশুর বড় মেয়ে সারাও একসময় আনফলো করে দিয়েছিল বাবাকে। তখনও যিশু দু’জনকেই ফলো করতেন—স্ত্রী ও কন্যাকে। কিন্তু আজ, তিনি নিজেই আনফলো করেছেন তাঁদের সবাইকে। যিশু নীরব। মুখে না আছে অভিযোগ, না আছে প্রতিরোধ। তবু প্রশ্ন থেকে যায়—এই নীরবতা কি আত্মরক্ষা, না কি অভিমান? তা বলতে পারে শুধু সময়...