দ্য ওয়াল ব্যুরো: বলিউডের আরও এক অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয় হিমাচল প্রদেশের ধর্মশালার ভাড়াবাড়ি থেকে। পুলিশ জানিয়েছে আত্মহত্যা করেছেন তিনি। পোষ্যের গলার চেন দিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়েছেন অভিনেতা।
হিমাচলপ্রদেশের কাংড়া জেলার ধর্মশালার ম্যাকলডগঞ্জের এক ভাড়াবাড়িতে গত ৫ বছর ধরে থাকতেন আসিফ বসরা। সেখানেই তাঁর দেহ উদ্ধার হয়। কাংড়ার পুলিশ সুপার বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, কী কারণে আসিফ আত্মঘাতী হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, একটি জমি লিজ নিয়েছিলেন তিনি। তারপর থেকেই আর্থিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। মানসিক অবসাদের কারণেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধর্মশালার ওই ভাড়াবাড়িতে লন্ডনের এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন আসিফ। কিন্তু লকডাউনের আগেই ওই মহিলা চলে যান। তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি। বৃহস্পতিবার নিজের পোষ্যকে নিয়ে ঘুরতেও বেড়িয়েছিলেন তিনি। ঘরে ফেরার পরেই আত্মঘাতী হন তিনি। ওই মহিলার এই ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ছোট পর্দার পরিচিত মুখ আসিফ। বড় পর্দাতেও বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে কাজ করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ পাতাললোকেও দেখা গিয়েছিল আসিফকে। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও ভাল অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।