দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে গেল ‘সূর্যবংশী’-র রিলিজ ডেট। করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই কেরল এবং দিল্লিতে বন্ধ করা হয়েছে সিনেমা হল। সতর্কতার খাতিরে অন্যান্য রাজ্যেও এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই জন্যই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। ২৪ মার্চ রিলিজ হওয়ার কথা ছিল এই সিনেমার।
সব রাজ্য না হলেও যদি বেশিরভাগ রাজ্যে সিনেমা হল বন্ধ থাকে তার জেরে ছবির ব্যবসায়িক সাফল্যে মন্দা দেখা দিতে পারে। সেই জন্যেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। এমনিতেই রোহিত শেট্টির নতুন ছবির ট্রেলর দেখে বড় পর্দায় তিন তাবড় অভিনেতার অ্যাকশন সিক্যুয়েন্স দেখা জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু সিনেমা হল বন্ধ থাকলে বক্স অফিসে সাফল্যের বদলে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, ছবির আর্থিক লাভের ক্ষেত্রে প্রায় প্রতিবারই রেকর্ড গড়েন রোহিত শেট্টি। মাঝে মাঝে নিজেই ভাঙেন নিজের রেকর্ড। এই সিরিজের আগের তিনটি ছবি 'সিংহম', 'সিংহম রিটার্নস' এবং 'সিম্বা' জমিয়ে ব্যবসা করেছিল বক্স অফিসে।এবার তাই আর রিস্ক নিতে চাননি পরিচালক। করোনা আতঙ্কের জেরে আগেভাগেই পিছিয়ে দিয়েছেন ছবির রিলিজ ডেট। নতুন করে কবে ছবি রিলিজ হবে সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। প্রসঙ্গত আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে দিল্লি এবং কেরলের সিনেমা হল।
বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে নোভেল করোনাভাইরাস। বিশ্বস্বাস্থ্যসংস্থা 'হু'-ও এই ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছে। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৭৩।