দ্য ওয়াল ব্যুরো: আগেই জানিয়েছিলেন আইনি নোটিস পাঠানোর কথা। এ বার কাজেও করে দেখালেন। তনুশ্রী দত্তকে আইনি নোটিস পাঠালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। নিজের বক্তব্যের জন্য তনুশ্রীকে ক্ষমাও চাইতে হবে। এমনটাই দাবি জানিয়েছেন নানা পাটেকর। শুক্রবার এ কথা জানিয়েছেন নানা পাটেকরের আইনজীবী রাজেন্দ্র শিরোদকর।
গত কয়েকদিনে বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন বহুদিন লাইমলাইটের আড়ালে থাকা অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রথমে তিনি অভিযোগ করেন দশ বছর আগে ২০০৮ সালে 'হর্ন ওকে পিজ' ছবির শ্যুটিং সেটে তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয় বলিউডের এক প্রভাবশালী অভিনেতার হাতে। প্রাথমিক ভাবে কারোর নাম প্রকাশ্যে না আনলেও পরে অভিযোগের আঙুল তোলেন নানা পাটেকরের দিকে। ঘটনার প্রতিবাদ করায় নানা নাকি তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক দলের গুণ্ডা দিয়ে ভাঙচুর করিয়েছিলেন তনুশ্রীর গাড়িও। এমন অভিযোগও করেছেন নায়িকা। এরপর নানার সমর্থনে কোরিওগ্রাফার গণেশ আচার্য মুখ খুললে তাঁকেও মিথ্যেবাদীর তকমা দেন তনুশ্রী। বলেন সেদিন সেটে কী হয়েছিল সবই জানেন গণেশ। তাও তিনি সত্যি কথা বলছেন না।
নানা পাটেকরের পর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তনুশ্রী। তোপ দেগে নায়িকা বলেন, চকলেট ছবির শ্যুটিং ফ্লোরে তনুশ্রীকে পোশাক খুলে নাচতে বলেছিলেন বিবেক। কিন্তু সেই সময় সেটে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি। তাঁর বিবেকের এ হেন আচরণের তীব্র প্রতিবাদ করেন।
তনুশ্রীর সাহসিকতার প্রশংসা করে অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের বহু তারকা। টুইট করে সমর্থন জানিয়েছেন, ফারহান আখতার, অনুরাগ কাশ্য, সোনম কাপুর, স্বরা ভাস্কর, পরিণীতি চোপড়া, প্রিয়াঙ্কা চোপরা, টুইঙ্কল খান্না, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ এবং আরও অনেকে। এমনকী তনুশ্রীর বক্তব্যের সমর্থনে টুইট করেন জ্যানিস সিকুয়েরা নামে এক মহিলা সাংবাদিক এবং শাইনি শেট্টি নামে এক মহিলা সহকারী পরিচালকও। নিজের টুইটে জ্যানিস লিখেছেন, দশ বছর আগের ওই ঘটনা তাঁর মনে আছে এবং তনুশ্রী যা এখন বলছেন, ঠিক তাই ঘটেছিল। এমনকী তনুশ্রী সেই সময়ও সরবও হয়েছিলেন নানার বিরুদ্ধে। কিন্তু বলিউডের প্রভাবশালীরা নানা পাটেকরের সমর্থনে এগিয়ে এসে তনুশ্রীর অভিযোগ ধামাচাপা দিয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা সাংবাদিক।
যদিও এত কিছুর পরেও অনেকেই বলছেন, বহুদিন লাইমলাইটে নেই তনুশ্রী। হাতে নেই কাজও। তাই এসব সবই পাবলিসিটি স্টান্ট। ফের লাইমলাইটে ফেরার জন্যই নাকি এমন করেছেন তনুশ্রী।