
শেষ আপডেট: 28 February 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার জুটি বাঁধতে চলেছে রাহুল-দেবলীনা। বাদল সরকারের একটি জনপ্রিয় নাটকের অবলম্বনে তৈরি হয়েছে 'নেগেটিভ' (Negative)। পরিচালনা করেছেন বাপ্পা। সম্প্রতি ছবির শুটিং শেষ হল।
বেশ অন্যরকম একটা গল্প নিয়ে আসছেন পরিচালক। কাহিনীর কেন্দ্রে রয়েছে বিশ্বকর্মা (রাহুল অরুণোদয় ব্যানার্জি) ও মালার (দেবলীনা দত্ত)। বিশ্বকর্মা একজন ফটোগ্রাফার।। কিন্তু তাঁর প্রতিভাটা কেউই তেমন বোঝে না। সকলেরই মনে হয় সে খুব খারাপ একজন ফটোগ্রাফার। কাজ হিসেবে জোটে কেবল মৃত মানুষের ছবির তোলার বরাত। সংসারে অর্থকষ্ট থাকলেও স্ত্রী মালার সঙ্গে বেশ মিষ্টি সম্পর্ক। সংসারে টান থাকায় কারখানায় কাজ করে মালা। কিন্তু কাহিনী একসময় এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তাঁদের একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। কী সেই সিদ্ধান্ত?
শান্তনু নাথ তাঁর চিত্রনাট্যে এক অসহায় শিল্পীর জীবন দেখিয়েছেন। অভিনয়ে রাহুল ব্যানার্জি, দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব, খালেদ মেহমূদ তূর্জো।
পরিচালক বাপ্পা রবীন্দ্র ভারতী থেকে নাটক নিয়ে পড়াশোনা করেছেন। থিয়েটার করেছেন প্রায় দশ বছর। জানান, 'আমরা সবাই লড়াই করছি প্রতিনিয়ত। কেউ সন্মান, কেউ বা যথার্থ সান্মানিকের জন্যে। এই ছবি সে কথাই বলে। রাহুল দা, দেবলীনা দি, শ্রীলেখা দির মতো ইন্ডাস্ট্রির প্রখ্যাত শিল্পীদের ও পুরনো বন্ধুদের পাশে পেয়ে সত্যিই কৃতজ্ঞ।'
রাহুল ছবিটির প্রসঙ্গে বলেন, 'নেগেটিভ ছবিটা ভালো লাগার কারণ, এর অনেকগুলো স্পেস আছে। গল্পটা লিনিয়ার স্ট্রাকচার ফলো করলেও কখনও ননলিনিয়ার হয়ে উঠেছে। এই ছবিতে আরও একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পিতা-পুত্র দুটি চরিত্রেই আমি অভিনয় করেছি। বিচিত্র একটা সাইকোলজিকাল জার্নি আছে পুরো ছবি জুড়ে, সেটা আমার দারুণ লেগেছে।'
'নেগেটিভ'-এর মালা ওরফে দেবলীনা চরিত্রটি নিয়ে কথা বললেন। জানালেন, 'এই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকর্মার সাথে মালার চরিত্রের কেমিস্ট্রি। এই গল্প সত্যিই বিরল, আশা করব, দর্শকের মন ছুঁয়ে যাবে। গোটা ছবিটাই একটা পাওয়ার প্যাকেজ। সব কিছু উপাদান রয়েছে যা একটা সিনেমাকে দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে সাহায্য করবে।'