
শেষ আপডেট: 30 June 2023 08:40
দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মার শো-এ এসে নতুন প্রজন্মের নায়কদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তুলনা টানলেন পুরনো নায়কদের সঙ্গেও। বললেন, আগেকার দিনে নায়ক কে, তা পাশে দাঁড়ালেই বোঝা যেত। আর এখন পাশে দাঁড়িয়েও বোঝা যায় না। সবাই সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়েছে। মৌসুমীর এই বক্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। উল্লেখ্য, অনুষ্ঠানে মৌসুমীর সঙ্গে ছিলেন আর এক অভিনেত্রী রীনা রায়ও।
এমনিতে রাখঢাক করে কথা বলা কোনওদিনই পছন্দ করেন না মৌসুমী। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। কেরিয়ার শুরু করেছিলেন তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’ দিয়ে। এরপর টলিউড-বলিউড মিলিয়ে অজস্র অভিনেতার সঙ্গে কাজ করেছেন। উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চন, বড় বড় নায়কদের ছবিতে ছিলেন মৌসুমী। এত বছরের কেরিয়ারে দু-তিন প্রজন্মের নায়কদের দেখেছেন। কিন্তু তাঁদের সবাইকে নাকি নায়কদের মত দেখতে না। এখনকার সময়ে নায়করা অনেক বেশি সাধারণ, ছাপোষা বলেই দাবি অভিনেত্রীর।
একইসঙ্গে মৌসুমী বলেন, ‘আমাদের সময় নায়ক কে, তা আলাদা করে বুঝিয়ে দিতে হত না। তাঁদের হাঁটাচলা, হাবভাব অথবা সাজপোশাকেই তা স্পষ্ট বোঝা যেত। কিন্তু এই প্রজন্মের নায়কদের আলাদা করে চেনা যায় না। সবাই একইরকম থাকেন। একেবারে সাদামাটা, সাধারণ। তাহলে কি অভিনেতাদের সেই নায়কোচিত উপস্থিতিটাই আজকাল হারিয়ে গিয়েছে? মৌসুমীর দাবি, সাধারণের ভিড়ে মিশতে গিয়ে এইসময়ের নায়করা নিজেদেরও সাধারণ করে ফেলছেন। তাই সেই গ্ল্যামার, উন্মাদনায় বড় খামতি চোখে পড়ছে। কপিল শর্মার শো-এ এসে সেটাই বোঝাতে চাইলেন মৌসুমী চট্টোপাধ্যায়।
ফের মা হলেন নাওমি ক্যাম্পবেল, ৫৩-তে পুত্রসন্তানের জন্ম দিলেন সুপার মডেল