ভালবাসা মানেই কি শুধু হৃদয় ভাঙার গল্প? নাকি জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যেগুলো আবার ফিরিয়ে আনে একসঙ্গে বৃষ্টি, স্মৃতি আর সুর? অনুরাগ বসুর সিনেমা মানেই ক্যানভাস জুড়ে ছড়িয়ে থাকা আবেগের জলছবি।

মেট্রো...ইন দিনো
শেষ আপডেট: 4 July 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো:
ছবি: মেট্রো...ইন দিনো
রেটিং: ৮.৫/১০
ভালবাসা মানেই কি শুধু হৃদয় ভাঙার গল্প? নাকি জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যেগুলো আবার ফিরিয়ে আনে একসঙ্গে বৃষ্টি, স্মৃতি আর সুর? অনুরাগ বসুর সিনেমা মানেই ক্যানভাস জুড়ে ছড়িয়ে থাকা আবেগের জলছবি। 'মেট্রো...ইন দিনো' (Metro... In Dino) সেই আবেগের এক নতুন নোটেশনে বাঁধা গান, যেখানে ভালবাসা আসে ধীরে, থেকে যায় নিঃশব্দে। পরিচিত শহরের চেনা গলিতে, মেট্রোর লাউডস্পিকারের ফাঁকে, ব্যস্ত ট্রাফিকের পেছনে, পরিচালক তুলে আনেন সম্পর্কের না-বলা কথাগুলো। প্রতিটি ফ্রেম যেন বলেন—ভালবাসা অতীত নয়, বর্তমানও নয়, ভালবাসা আসলে সেই সংবেদন, যা প্রতিদিন আমাদের ছুঁয়ে যায়, অচিরেই মিলিয়ে যায়।

২০০৭ সালের ‘Life in a… Metro’ আমাদের শিখিয়েছিল ভালবাসা কোনও একপাক্ষিক সংজ্ঞা নয়, বরং অসংখ্য অনুভূতির জমাট ছবি। সেই সিনেমার দুই দশকের মাথায় ‘Metro... In Dino’ যেন তারই নতুন অধ্যায়। চারটি শহর, চারটি যুগল, আটটি হৃদয়ের নির্লিপ্ত অথচ তীব্র অভিব্যক্তি, এই ছবি আসলে জীবনের টুকরো গল্প। অনুরাগ একমাত্রিকভাবে গল্প বলেন না। কলকাতার হলুদ ট্যাক্সি, মুম্বইয়ের বৃষ্টি, ব্যাঙ্গালোরের অফিসক্যাফে কিংবা দিল্লির ফুটপাত—সব কিছুর মধ্যেই প্রেমের হালকা আলপনা আঁকা থাকে। এমনই এক ঘন বর্ষার দিনে গল্পেরা হেঁটে যায় পর্দাজুড়ে।
এই ছবিতে আমরা দেখি—পঙ্কজ ত্রিপাঠি ও কঙ্কণা সেনশর্মা, বিবাহিত জীবনের ফিকে হয়ে যাওয়া প্রেম আঁকড়ে ধরেছেন। নীনা গুপ্তা আর অনুপম খের, যাঁরা বার্ধক্যের নিঃসঙ্গতার মধ্যে জীবন খুঁজে পান। আলি ফজল ও ফাতিমা সানা শেখ এক আধুনিক সম্পর্কের টানাপোড়েনে দাঁড়িয়ে। আর আদিত্য রয় কপূর ও সারা আলি খানের গল্প যেন পুরোটাই নিয়তির লেখা।
এই ছবির প্রাণ আসলে তার সুর। প্রীতমের সংগীত ছবিটিকে শুধু সাজায় না, বয়ে নিয়ে চলে। গানগুলো শুধু গান নয়, এগুলো মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। ত্রিপাঠির সংলাপ “কিছু না হলেও একটা গল্প তো হবে” (Do ajnabee, Anjana safar. Kuch nahi bana toh kahaani banegi)—ছবির সারমর্ম।
‘Metro... In Dino’ বড় কোনও নাটকীয় ক্লাইম্যাক্সে গিয়ে থামে না। তার বদলে, সে জীবনকে ভালবেসে একটুক্ষণ দাঁড়ায়—এক কাপ চায়ের পাশে, একটা মেট্রো স্টেশনের ধারে। ছবি শেষ হয়, কিন্তু ভালবাসার কথা, অপেক্ষার কথা, ছোট ছোট আনন্দের কথা থেকে যায়। এই ছবিটি আসলে এক রোমান্টিক ঘোর—যেটা হঠাৎ করে আপনাকে চেনা ব্যালকনিতে দাঁড়িয়ে পুরনো মানুষটার কথা মনে করিয়ে দেয়। ফলে, ভালবাসাকে আরও একবার চিনতে, বুঝতে... দেখুন এই ছবি। গানের মাঝে নিজেকে খুঁজে পাবেন, আর গল্পগুলোর মধ্যে কোথাও না কোথাও নিজেকেই দেখবেন।