শাহরুখ ও সলমন খান
শেষ আপডেট: 20 November 2024 10:35
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তিন খানের দু'জন, শাহরুখ ও সলমননের মাথার উপর ঝুলছে মাফিয়া গ্যাংয়ের মৃত্যু পরোয়ানা। খুনের হুমকি মেলায় দু'জনেরই নিরাপত্তা ঢেলে সাজা হয়েছে। মাছি গলবার উপায় নেই।
এরই মধ্যে দুই তারকার নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে মুম্বই পুলিশের। দুই খান ভোট দেবেন কিনা সেটাই এই মুহূর্তে সবচেয়ে গোপনীয় তথ্য পুলিশের কাছে।
অতীতে দু'জনে ভোট দিয়েছেন। আমির খানও তাই। বুধবার সকাল ৭'টা থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে ভোট গ্রহণ শুরু হতেই বুথে পৌঁছে যান অক্ষয় কুমার।
বান্দ্রা ওয়েস্ট আসনের একই বুথের ভোটার শাহরুখ ও সলমন। মঙ্গলবার রাত থেকেই মুম্বই পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা বুথটি ঘিরে রেখেছে। একশো মিটারের মধ্যে ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে শাহরুখ ও সলমন শেষ পর্যন্ত ভোট দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
লরেন্স বিষ্ণোই গ্রুপ তিনবার সলমনকে খুনের হুমকি দিয়ে ফোন করেছে। অন্যদিকে, শাহরুখকে প্রাণে মারার হুমকি দিয়েছে রায়পুরের বাসিন্দা জনৈক ফয়জন। তারপর দু'জনেরই নিরাপত্তা বাড়ানো হয়। শাহরুখ, সলমনদের বুথের ভোটার বলিউডের বহু তারকা।