দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্ক থেকে কয়েকদিন হল দেশে ফিরেছেন অভিনেতা অনুপম খের। তারপর থেকে করোনা সতর্কতায় নিজের বাড়িতেই রয়েছেন সেলফ আইসোলেশনে বা সেলফ কোয়ারেন্টাইনে। শুক্রবার নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে একটি ভিডিও করেন বর্ষীয়ান অভিনেতা। সেখানে অনুপমকে বলতে শোনা গিয়েছে যে প্রতিবার দেশে ফিরেই নাকি নিজের বাড়িতে ঢোকার আগে প্রতিবেশীর বাড়িতে যান তিনি। তবে এবার সতর্কতার খাতিরে একজন দায়িত্বশীল নাগরিকের মতোই আচরণ করেছেন অনুপম খের। সেলফ আইসোলেশনে রেখেছেন নিজেকে।
https://www.instagram.com/p/B9_EHptADoP/
তবে প্রতিবেশীকে যে তিনি খুব মিস করছেন বারবার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে সেকথাই বলতে শোনা গিয়েছে অনুপম খেরকে। বর্ষীয়ান অভিনেতার প্রিয় এই প্রতিবেশী আর কেউ নন, বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর। বয়স যেন কোনওভাবেই নাগাল পায় না তাঁর। ৬০ পেরোলেও একটুও কমেনি যৌবন। সেদিনের ভিডিওতে অনুপম খেরকে এও বলতে শোনা গিয়েছিল যে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেই একবার প্রতিবেশীকে দেখতে চান তিনি।
https://www.instagram.com/p/B9_JgRTBGPh/
ইনস্টাগ্রামে অনুপম খেরে ভিডিও আপলোড হওয়ার খানিক্ষণের মধ্যেই জবাব দেন অনিল কাপুর। লেখেন, “আপনি ডেকেছেন আর আমি যাবো না...তা কী হয়।“ এরপরেই অনুপম খেরের উদ্দেশে ‘তেরে ঘর কে সামনে এক ঘর বানাউঙ্গা’ গানটি গাইতেও শোনা গিয়েছে অনিলকে। ১৯৬৩ সালে রিলিজ হওয়া হিন্দি ছবি ‘তেরে ঘর কে সামনে’ সিনেমার গান এটি। তবে গান গাওয়া হোক কিংবা প্রতিবেশীর সঙ্গে একঝলক দেখা হওয়া, সবক্ষেত্রেই করোনা সতর্কতায় সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেছেন অনিল কাপুর এবং অনুপম খের দু’জনেই।