
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 January 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: বিগ বস ১৮-র (Bigg Boss 18) বিজয়ী হলেন করণ বীর মেহরা। দীর্ঘ ১০৪ দিন ধরে চলা বিগ বসের একাধিক টাস্ক, ঘরের ভিতরে চ্যালেঞ্জ জেতার পর লক্ষ লক্ষ ভোটের মাধ্যমে তিনি এই শোয়ের সেরার শিরোপা জিতে নেন।
রবিবার, বিগ বস ১৮-র (Bigg Boss 18) গ্র্যান্ড ফিনালেতে সলমন খান ফাইনালিস্ট ভিভিয়ান ডিসেনা ও করণকে নিয়ে মঞ্চ মাতান। শেষে জয়ী হিসেবে করণের (Karan Veer Mehra) নাম ঘোষণা করেন। বিগ বস ১৮-র ট্রফি ও ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার তুলে দেওয়া হয় করণ বীরের হাতে।
বিজয়ী নির্বাচিত হন দর্শকদের ভোটের মাধ্যমে। ভোটিং লাইন খোলা ছিল বিগ বস ১৮-র সেরা ছয় ফাইনালিস্টের জন্য। দৌড়ে করণ বীরের সঙ্গে ছিলেন ভিভিয়ান ডিসেনা, চুম দারাং, ইশা সিং, অবিনাশ মিশ্রা এবং রজত দালাল। ফাইনালের প্রথম ধাপে বাদ পড়েন ইশা সিং, এরপর বাদ পড়েন চুম দারাং ও অবিনাশ মিশ্রা। শেষ পর্যন্ত, রজত দালাল শীর্ষ তিনে থেকেও বিদায় নেন।
এদিনের অনুষ্ঠানে বিগ বসের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনেইদ খান, খুশি কাপুর এবং নবাগত অভিনেতা বীর পাহাড়িয়া। উপস্থিত হয়েছিলেন আমির খানও। সলমনের সঙ্গে ‘অন্দাজ আপনা আপনা’ছবির একটি জনপ্রিয় দৃশ্য পুনরায় অভিনয় করেন দু'জন। বীর নিজের ছবি স্কাই ফোর্স-এর প্রচার করেন, জুনেইদ ও খুশি তাঁদের ছবি 'লাভইয়াপা'-র প্রচার করেন।