
শেষ আপডেট: 14 October 2023 21:40
দ্য ওয়াল ব্যুরো: মহালয়া মানেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আর পুজো মানেই পুজোর ছবি। প্রতি বছরই বাংলা ছবির পরিচালকরা পুজোর সময়টিকে বেছে নেন ছবি মুক্তির জন্য। এ বছরও তার ব্যতিক্রম নয়। এ বছরের পুজোয় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। তার মধ্যে অন্যতম দেবের নিজস্ব প্রযোজনা সংস্থার 'বাঘাযতীন'। দেবীপক্ষের দিনই এই ছবির প্রচারে 'দাদাগিরি'তে এলেন ছবির গোটা টিম।
অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে জনপ্রিয় ক্যুইজ শো 'দাদাগিরি'। এ বছর ১০ বছরে পা দিল 'দাদাগিরি'। সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় দীর্ঘ ১০ বছর ধরেই এই গেম শো-এর জনপ্রিয়তা অটুট রয়েছে। সেই কারণে ছবির প্রচারের জন্য এর আগের অন্যান্য সিজনেও দাদাগিরি-র মঞ্চে আসতে দেখা গেছে বহু ছবির কলাকুশলীদের।
'বাঘাযতীন'-এর প্রচারে 'দাদাগিরিতে শনিবারের পর্বে উপস্থিত থাকবেন দেব, গায়িকা ইমন চক্রবর্তী, রূপম ইসলাম, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, অভিনেত্রী সৃজা সহ গোটা টিম। দাদাগিরি-র মঞ্চে দেবকে দেখা গেল কালো পাঞ্জাবী এবং সাদা ধুতিতে। সৌরভকে মজাদার প্রশ্নও করলেন অভিনেতা। দাদাকে 'বাঘাযতীন' দেবের প্রশ্ন, 'মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে কি কি উন্নতি করবেন সৌরভ?' যদিও অভিনেতার প্রশ্ন বুদ্ধিদীপ্ত ভাবে ট্যাকল করলেন মহারাজ।
দাদাগিরি-র মঞ্চে উপস্থিত ছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। দাদার কাছে তাঁর আবদার র্যাম্পে হাঁটতে হবে দাদাকে। কথা রাখলেন মহারাজ, 'দাদাগিরি'র মঞ্চেই দেব, সৃজা এবং ইমনের সঙ্গে পা মেলালেন সৌরভ। পাশাপাশি এই মঞ্চে শোনা গেল গায়ক রূপম ইসলামের কণ্ঠে ছবির গানও। সব মিলিয়ে দেবীপক্ষে জমে উঠল বাঘাযতীন-এর দাদাগিরি।