বলিউডে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলেছিলেন এআর রহমান। সেই বিতর্কের মাঝেই ‘রামায়ণ’ ছবিতে রহমানের সুরের প্রসঙ্গ টেনে সমালোচকদের খোঁচা দিলেন সেলিম মার্চেন্ট।

সেলিম মার্চেন্ট ও এআর রহমান
শেষ আপডেট: 10 March 2026 18:25
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান (AR Rahman)। তাঁর দাবি ঘিরে বলিউডে তুমুল বিতর্ক তৈরি হলেও তারকামহলের বড় অংশ এই ‘কোণঠাসা’ তত্ত্বে সায় দিতে নারাজ। সময় গড়ালেও রহমানের সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক থামেনি, বরং এখনও তা নিয়ে আলোচনা-সমালোচনা জারি রয়েছে। এবার সেই প্রসঙ্গেই নিজের মত প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় গায়ক-সুরকার সেলিম মার্চেন্ট (Salim Merchant)।
রহমানের মন্তব্যের প্রেক্ষিতে সেলিম মনে করিয়ে দিলেন নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর কথা। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান নিজেই। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন শিল্পীর সঙ্গেও তিনি এই প্রকল্পে কাজ করছেন বলে আগেই জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলেই সেলিমের মন্তব্য, “ইন্ডাস্ট্রিতে যদি সত্যিই হিন্দু-মুসলিম বিভাজন করা হত, তাহলে রহমান ‘রামায়ণ’-এর মতো ছবির সুর করার সুযোগ পেতেন না।”
প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে এক সাক্ষাৎকারে এআর রহমান বলেছিলেন, গত আট বছরে ক্ষমতার পালাবদলের পর বলিউডে তাঁর বহু কাজ হাতছাড়া হয়েছে। তাঁর মতে, এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিও থাকতে পারে। যদিও সরাসরি কেউ তাঁকে এমন কিছু বলেননি, তবে কানাঘুষো ভাবে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বলেই দাবি করেছিলেন রহমান। সেই মন্তব্য সামনে আসতেই সিনেদুনিয়া থেকে রাজনৈতিক মহল—সব জায়গাতেই শুরু হয় তুমুল বিতর্ক।
রহমানের বক্তব্যের জেরে প্রশ্ন উঠেছিল, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে কি বলিউডে কাজ পাওয়া কঠিন হয়ে পড়ছে? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কি তবে ধর্মীয় মেরুকরণের প্রভাব বাড়ছে? যদিও এই অভিযোগ নস্যাৎ করে বিজেপি উদাহরণ হিসেবে শাহরুখ খান ও সলমন খানের দীর্ঘ তিন দশকের জনপ্রিয়তার কথা তুলে ধরেছিল।
এবার সেই বিতর্কের মধ্যেই সেলিম মার্চেন্ট আবারও ‘রামায়ণ’ ছবির প্রসঙ্গ টেনে আনেন। তাঁর বক্তব্য, “রহমান যা বলেছেন, তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি—উনি হয়তো নিজের অভিজ্ঞতা থেকে এ কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে এভাবে কাজ হয়। ভারতীয় সিনেমার ইতিহাসে হিন্দু মহাকাব্যের উপর তৈরি অন্যতম বড় বাজেটের ছবি ‘রামায়ণ’-এর সঙ্গীত পরিচালনা করছেন এআর রহমান। যদি সত্যিই সাম্প্রদায়িক বিভাজন থাকত, তাহলে তিনি নিশ্চয়ই এই কাজ পেতেন না।”
তবে নিজের বক্তব্যের শেষে সেলিম এটাও স্পষ্ট করেছেন যে এটি তাঁর ব্যক্তিগত মতামত। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, রহমানও হয়তো তাঁর নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই এই মন্তব্য করেছিলেন।