
শেষ আপডেট: 26 August 2022 08:56
দ্য ওয়াল ব্যুরো: বয়সের তোয়াক্কা না করে বারবার নিজের ইমেজ ভেঙেছেন। একের পর এক ছবিতে নিত্যনতুন চ্যালেঞ্জ নিয়েছেন। এই বিষয়টিকে রীতিমত অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউডের শাহেনশাহ। নিজের ছবিতে গান তো সেই আটের দশক থেকেই গেয়ে আসছেন। আর এবার নিজের নতুন সিনেমায় সঙ্গীত পরিচালক হয়ে উঠবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)! পরিচালক আর বালকির (R Balki) পরবর্তী ছবি ‘চুপ’-এর মিউজিক কম্পোজারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিগ বি।
বালকির সঙ্গে বহুবছর ধরেই দারুণ বন্ধুত্ব অমিতাভের। এই পরিচালকেরই সঙ্গে ‘চিনি কম’, ‘পা’, ‘শামিতাভ’-এর মতো ছবিগুলি বানিয়ে একের পর এক চমক দিয়েছিলেন অমিতাভ। বক্স অফিসে তাঁদের জুটিও বেশ সফল। সেই ট্রেন্ড বজায় রেখেই এবার বালকির নতুন ছবিতে সঙ্গীত পরিচালকের (music director) দায়িত্ব নিচ্ছেন সিনিয়র বচ্চন।
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে আর বালকি বলেন, ‘অনেকগুলো কারণের জন্য এই ছবি আমার জীবনে বিশেষ জায়গা নিয়ে থাকবে। প্রথমত, এই ছবির মাধ্যমেই জীবনে প্রথমবার মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে অমিতাভ বচ্চনের। দ্বিতীয়ত, এই ছবি দিয়েই আবার অমিতাভের সঙ্গে আমার জুটি সিনেমাহলে ফিরছে।
হাতে বন্দুক, চোখেমুখে রুক্ষতার ছাপ! জনের ‘পাঠান’ লুক প্রকাশ্যে আনলেন শাহরুখ স্বয়ং
প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে টুইট করে নিজেই অনুরাগীদের এই খবর জানান। আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকছেন তিনি। চিকিৎসকরা সম্পূর্ণ বেডরেস্টের পরামর্শ দিয়েছেন শাহেনশাহকে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানার পর থেকেই চিন্তিত বিশ্বজোড়া অনুরাগীরা। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনাও করেছেন সকলে।