
শেষ আপডেট: 4 March 2023 06:51
দ্য ওয়াল ব্যুরো: এ মাসের শেষেই বড়পর্দায় মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত এবং পরিচালিত ছবি 'ভোলা' (Bholaa)। ইতিমধ্যেই ছবিটির দু'টি টিজার মুক্তি পেয়েছে। যা দেখার পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে রয়েছে। আগামী ৬ মার্চ লঞ্চ হবে 'ভোলা'র ট্রেলার। মুম্বইয়ে ট্রেলার মুক্তির জন্য নির্মাতাদের তরফে বড়সড় আয়োজন করা হচ্ছে। জানা গেছে, এই প্রথম কোনও হিন্দি ছবির ট্রেলার থ্রিডি-তে মুক্তি পাবে। সুতরাং অজয় যে এই ছবিটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চলেছে, তা বোঝাই যাচ্ছে।
সম্প্রতি এই ছবি নিয়ে মুখ খুলেছেন খোদ অজয় দেবগণ। তিনি বলছেন, "আমার মনে হয় এ বিষয়ে কোনও কথা বলার আগে সবার ছবিটা দেখা উচিত, অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখা উচিত, গল্পটা অনুভব করা উচিত। 'ভোলা' ছবিতে একেবারে বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা।এ বিষয়ে আমার বাবা বীরু দেবগণও অনেকটা সাহায্য করেছে। ওঁর কাছে একসময় নানারকমের অ্যাকশনের প্রস্তুতি নিতাম। ফলত এই ছবিতে যতরকমের স্টান্টের দৃশ্য আছে, সব নিজেই করেছি। এই চ্যালেঞ্জগুলো নিতে ভালবাসি।"
'ভোলা'র টিজারে অজয় বাদে অন্যান্য চরিত্রের অভিনেতাদেরও দেখা গিয়েছে। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন টাব্বু। 'দৃশ্যম'-এর পর ফের অজয়-টাব্বু ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এছাড়া ছবির প্রধান ভিলেন হয়েছেন দীপক ডোব্রিয়াল। আরও এক পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়াও রয়েছেন বিনীত কুমার, গজরাজ রাও। উল্লেখ্য, 'ভোলা' অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। মাসকয়েক আগেই বেনারসে গিয়ে এই ছবির গুরুতবপূর্ণ কিছু দৃশ্যের শ্যুটিং সেরে এসেছেন অভিনেতা। আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে 'ভোলা'।
'নিজের সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে', 'ডাকঘর' বিতর্কে মুখ খুললেন অভিষেক সাহা