
গৌতম গম্ভীর এবং শীতাংশু কোটাক
শেষ আপডেট: 16 January 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে চলেছেন শীতাংশু কোটাক। জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের ক্রিকেট সিরিজে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বর্ডার-গাভাসকার ট্রফির পর টিম ইন্ডিয়া এই প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার জন্য শীতাংশু কোটাককে প্রস্তাব দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচের দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। সহকারি কোচ অভিষেক নায়ার। এছাড়া দলের বোলিং কোচ হিসেবে রয়েছেন মর্নি মর্কেল এবং ফিল্ডিং কোচ টি দিলীপ।
টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গম্ভীরের পারফরম্যান্স ইতিমধ্যে আতশকাচের নীচে চলে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেদিকেও নির্বাচকদের অবশ্যই নজর থাকবে। ইতিমধ্যে সীতাংশুর নির্বাচন যে গৌতম গম্ভীরের উপর চাপ অনেকটাই বাড়াবে, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার 'সুপারস্টার কালচার' শেষ করার পক্ষে সওয়াল উঠতে শুরু করেছে।
গত বছর জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু, তারপর থেকে ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট কঠিন সময় কাটাতে হয়েছে। ১০ টেস্ট ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজও হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল।