
কপিল দেব এবং সাকিব আল হাসান
শেষ আপডেট: 16 September 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এক নয়া রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। এই সিরিজে তিনি ৮ উইকেট শিকার করতে পারলে, কপিল দেব এবং ড্যানিয়েন ভেত্তোরিদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় নাম লেখাতে পারবেন।
ভারত এবং বাংলাদেশের মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচটি আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে আয়োজন করা হবে। অন্যদিকে, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটা ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে খেলা হবে বলে জানা গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য দুটো দলই আপাতত চিপক স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে। অতিথিদের টেক্কা দিতে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ঘাম ঝরাতে শুরু করেছে।
এই সিরিজে বাংলাদেশের ৩৭ বছর বয়সি অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে একটি নতুন রেকর্ড কায়েম করার সুবর্ণ সুযোগ রয়েছে। আর ৮ উইকেট শিকার করলেই তিনি টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান করার পাশাপাশি ২৫০-র বেশি উইকেট শিকার করবেন। ক্রিকেট বিশ্বে পঞ্চম অলরাউন্ডার হিসেবে সাকিব এই রেকর্ড কায়েম করতে পারেন। আর এই রেকর্ড করতে না করতেই তিনি জ্যাক কালিস, কপিল দেব, ইয়ান বোথাম এবং ড্যানিয়েল ভেত্তোরির পাশে নিজের নাম লেখাতে পারবেন।
সাকিব আল হাসান এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে মোট ৬৯ টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি ৩৮.৫০ ব্যাটিং গড়ে ৪,৫৪৩ রান করার পাশাপাশি ২৪২ উইকেট শিকার করেছেন। তবে গত কয়েকটি ম্যাচে সাকিবের ব্যাটে সেই অর্থে রান দেখতে পাওয়া যায়নি। পাকিস্তানের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচে তিনি মাত্র ৩৮ রান করেছেন। অন্যদিকে, কাউন্টি চ্যাম্পিয়নশিপেও সারে ক্রিকেট ক্লাবের হয়ে তিনি মাত্র ১২ রান করেছেন।
সাকিব আল হাসানের এই ফর্ম নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার সম্প্রতি মুখ খুলেছিলেন। তিনি বলেন, সাকিবের ব্যাটিং নিয়ে চিন্তার সময় এসে গিয়েছে। তবে আশা করা যায়, ও শীঘ্রই ফর্মে ফিরতে পারবে। তিনি বললেন, 'সাকিব আপাতত ছন্দে নেই। ওর ফর্ম দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই ফর্মটাই আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু, টেস্ট ক্রিকেটে ফর্মে ফেরার জন্য সময় পাওয়া যায়। টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে সেই অর্থে সময় পাওয়া যায় না। কারণ ব্যাটারদের দ্রুত রান করতে হয়। আমি মনে করি, সাকিবের মতো একজন ক্রিকেটার দ্রুত ফর্মে ফিরতে পারবেন। আর সেটা আপাতত সময়ের অপেক্ষা।'